চামড়া রপ্তানি করে বছরে ২৫০০ কোটি টাকা আয় করা সম্ভব : নোমান
চামড়া ছাড়ানোর যথাযথ পদ্ধতি অনুসরণ ও সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ খাতে রপ্তানি আয় আড়াই হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এ কথা বলেছেন।
মন্ত্রী রোববার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদারগুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)- এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ প্রতিবছর ১৬০০ কোটি টাকার চামড়া রপ্তানি করে। চামড়া দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি পণ্য।
বাণিজ্য উপদেষ্টা মোঃ বরকত উল্ল (বুলু) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিটিএ-এর মহাসচিব আবদুল হাই বক্তৃতা করেন।
মন্ত্রী আরও জানান, প্রতিবছর দেশে গরু, মহিষ, ছাগল ও ভেড়া থেকে ১৮০ মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর শতকরা ৮৫ ভাগই বিদেশে রপ্তানি হচ্ছে।
তিনি বলেন, নানাবিধ ত্র“টির কারণে রপ্তানিকৃত চামড়ার একটি বড় অংশ নিম্ন গ্রেড-ভুক্ত হয়ে থাকে। সঠিকভাবে চামড়া না ছাড়ানো ও যথাযথভাবে সংরক্ষণ জ্ঞানের অভাবেই প্রতিবছর দেশ চামড়া রপ্তানি থেকে ৮০০ কোটি টাকার অধিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, উৎপাদিত চামড়ায় কাটাদাগের কারণে ১০% অকেজো হচ্ছে, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। জবাই পূর্ব ও পরবর্তী সচেতনতা, সংরক্ষণ, জবাই কর্মীদের তাড়াহুড়া ও জবাই স্থান অনুন্নত হওয়ায় চামড়ার মান খারাপ হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে জবাই কর্মীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রয়োজন।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি এ সমস্যা উত্তরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও উদ্যোগ আহ্বান করেন।
