২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়ার আদর্শ মান নিশ্চিত করতে লেদার সার্ভিস সেন্টার স্থাপন করা হবে

স্থানীয় চামড়া ও চামড়াজাত ম্যানুফেকচারিং কোম্পানির পণ্যের আদর্শ মান নিশ্চিত করতে বাংলাদেশে একটি লেদার সার্ভিস স্থাপন করা হবে। শিল্প সূত্র রোববার এ খবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বাংলাদেশ ফিনিশ্ড লেদার, লেদার গুড্স অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের চেয়ারম্যান টিপু সুলতান বিডিনিউজকে জানান, স্থানীয়ভাবে উৎপাদিত চামড়াজাত পণ্যের মান পরীক্ষা করতে পরীক্ষার সুযোগ-সুবিধা সংবলিত সেবা সার্ভিস সেন্টারটি প্রদান করবে।

তিনি বলেন, চামড়া রপ্তানিকারকদের আগে দেশের বাইরে তাদের পণ্যের মান পরীক্ষা করতে হতো। আর এখন আমরা তা এখানেই করতে পারব।

তিনি বলেন, এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত চামড়াজাত পণ্য ও জুতার ক্ষেত্রে আদর্শমান নিশ্চিত করা সম্ভব হবে।

টিপু সুলতান জানান, সাড়ে চার মিলিয়ন ইউরোর মূল্যমানের প্রকল্পটি বাস্তবায়ন করতে জেনেভা-ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) অর্থ সহায়তা প্রদান করবে। প্রাথমিকভাবে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে সেন্টারটি কাজ শুরু করবে। পরবর্তীতে সেটিকে সাভারের ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকেই প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে দ্য লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) আসিটি’র ঢাকাস্থ অংশীদারি হিসেবে কাজ করবে।

চলতি অর্থ বছরের জুলাই -- আগস্ট সময়ে রপ্তানিকারকরা চামড়া রপ্তানি করে ৩৭ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন, যা ২০০৪--২০০৫ সালের একই সময়ের তুলনায় শতকরা তিন দশমিক ২৮ ভাগ বেশি।