২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংলাপের নামে প্রকৃত জঙ্গিদের খুঁজে বের করতে কালক্ষেপণ করছে: ব্যবসায়ী নেতৃবৃন্দ

বিরোধী দলের সঙ্গে জঙ্গিবাদ নির্মূলে সংলাপের নামে সরকার প্রকৃত জঙ্গিদের খুঁজে বের করতে কালক্ষেপণ করছে। শনিবার এ অভিযোগ করেছেন দেশের ব্যবসায়ী নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বোমা হামলাসহ দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন চেম্বার নেতাদের বৈঠকে তারা এ মন্তব্য করেন।

বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে নগরীর সংগঠন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এক ব্যবসায়ী নেতা বলেন, সরকার বিরোধী দলের সঙ্গে সংলাপের ওপর বেশি জোর দেওয়ায় জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কালক্ষেপণ হচ্ছে।

ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে এফবিসিসিআই সহসভাপতি, পরিচালক এবং দু’শ’ ব্যবসায়ী তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ), বাংলাদেশ ফ্রোজেন ফুড এস্যোসিয়েশনসহ বিভিন্ন রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

মীর নাসির হোসেন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে ঝুঁকিপর্ণ দেশের তালিকায় রয়েছে এবং এ তালিকার দেশের অবস্থান ওপরের দিকে উঠে এলে বিদেশী বিনিয়োগকারী এবং ক্রেতার দেশ ছেড়ে চলে যাবে।

বোমা হামলার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে সরকারের ছেড়ে দেওয়া উচিত হবে না, উল্লেখ করে তিনি বলেন, বোমা হামলাকারীদের সমূলে উৎপাটন না করলে সামগ্রিকভাবে বিনিয়োগ তথা বাণিজ্য ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।

তিনি জঙ্গিদের ধরতে সরকারের প্রশাসনকে শক্তিশালী করার দাবি জানান।

ব্যবসায়ী নেতাদের আলোচনায় নিরাপত্তা রক্ষায় জড়িত বিভাগগুলোর জন্যে বাজেট--বরাদ্দ বাড়ানোর দাবি করা হয়। অন্যদিকে নিরাপত্তায় অবহেলার জন্যে নিরাপত্তারক্ষীদের বাজেট সংকোচনের বিষয়ও আলোচিত হয়।

ব্যবসায়ী নেতারা জঙ্গিদের অর্থের উৎস, নিরাপত্তা যন্ত্রপাতি শুল্কমুক্ত করা, গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা তদরকি বাড়ানোসহ নয় দফা দাবি বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি দাবি জানান।

বৈঠকে এফবিসিসিআই বিভাগীয় পর্যায়ে প্রতীকি প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।