২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে একের পর এক বোমা বিস্ফোরণের প্রেক্ষাপটে শনিবার ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহ--সভাপতি মীর সাহবুদ্দিন মোহাম্মদ বলেন, মেলায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ৪৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সার্বক্ষণিকভাবে মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহ--সভাপতি বলেন, সার্ক সম্মেলন শেষ হওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে ১,২৬০,০০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে মেলা প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, এখনও অনেক প্যাভিলিয়নের কাজ বাকি রয়েছে।

মেলা প্রাঙ্গণে মোট ৪২৮টি প্যাভিলিয়ন ও স্টল নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাঁচটিই বিশেষ প্যাভিলিয়ন, নয়টি বড় আকারের প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬টি প্যাভিলিয়ন, ১৪টি ছোট আকারের প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং ৩৪টি ছোট প্যাভিলিয়ন।

তিনি বলেন, মেলায় অংশ নিতে চীনের ইউনান প্রদেশ চেম্বার, পাকিস্তানের করাচি চেম্বার, ভারতের হায়দ্রাবাদ চেম্বার মায়ানমারের এফএমসিসিআই ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় আসবে। 

পাকিস্তান, চীন, ভারত, ইতালি, মায়ানমার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াসহ মোট ১১টি দেশ মেলায় অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।