কনটেইনারজাত পদ্ধতিতে সীমান্ত বাণিজ্য হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস পাবে : বীণা সিক্রি
ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি বৃহস্পতিবার বলেছেন, কনটেইনারজাত করে পণ্য পরিবহন করা হলে দু দেশের বাণিজ্যে পরিবহন সময় ও ব্যয় হ্রাস পাবে ।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। ভারতীয় সীমান্তে অবকাঠামোর সমস্যার কথা স্বীকার করে বলেন, সীমান্ত বাণিজ্যের অদক্ষতা হ্রাস করতে কনটেইনারজাত করে পণ্য পরিবহন দরকার।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, অবকাঠামোগত অসুবিধার কারণে আন্তঃসীমান্ত বাণিজ্য এবং পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
দু দেশের স্থল বন্দরে বিশেষ করে ভারতীয় স্থল বন্দরে শুল্ক অফিস, গুদাম ঘর, ব্যাংকের কার্যালয় এবং সড়ক সুবিধার অপ্রতুলতার কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা সংগ্রহ পদ্ধতি সহজীকরণের দাবীর প্রেক্ষিতে বীণা সিক্রি বলেন, চলতি মাসের ডিসেম্বর শেষ হওয়ার আগে ভারতীয় ভিসা সংগ্রহ পদ্ধতি বড় ধরনের পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, এ মাসের আগেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদন হবে এবং এ সংক্রান্ত কিছু নিয়ম ও বিধির পরিবর্তন হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রথম সভাপতি মোহাম্মদ আলী, দেওয়ান সুলতান, আফতাব ইসলাম, পরিচালক আবদুল মাতলুব আহমেদ এবং রউফ চৌধুরীসহ প্রমূখ।
বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে মীর নাসির বলেন, পুণঃরপ্তানিকরণের যৌথ উদ্যোগ এবং য়ৌথ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চলমান বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব।
রউফ চৌধুরী বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি থেকে বড় বাধা হলো অশুল্কজাত বাধা, যা দেশের রপ্তানি বাজারকে সম্প্রসারিত হতে দিচ্ছে না।
গত অর্থবছরে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানী হয় ১৪৪ মিলিয়ন ডলার এবং আমদানি হয় ২ বিলিয়ন ডলার। গত তিন বছরে ধরে দেশে ক্রমাগত গড়ে ৩শ’ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে।
