অর্থ পাচার আইন জোরদার করতে সংশোধনী আসছে
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, বিশ্বব্যাপী অবৈধ অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অর্থ যোগানের বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা নিতে প্রচলিত অর্থ পাচার আইনটি সংশোধন করা হবে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ পাচার রোধ বিষয়ক কমিটির এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, সংশোধনী আইনটির খসড়ায় আমি বুধবার স্বাক্ষর করেছি। খসড়াটি মন্ত্রিপরিষদ ও সংসদে অনুমোদিত হলে সংশোধিত আইনটি কার্যকর করা হবে।
অর্থমন্ত্রী বড় চালানের আমদানির ক্ষেত্রে বিশেষ করে খাদ্য সমাগ্রী আমদানির জন্যে পোস্ট শিপমেন্ট পরিদর্শন সংক্রান্ত একটি প্রস্তাবও অনুমোদন করেছেন।
এছাড়াও আমাদানিকারকদের জন্যে আমদানিকৃত পণ্যের জন্যে চালানের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ পরিশোধ বাধ্যতামূলক করা সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেন তিনি।
কিভাবে এবং কোথায় অবৈধভাবে অর্থ পাঠানো হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর রুমি আলীকে প্রধান করে দুই মাস আগে এ কমিটি গঠন করা হয়।
সাইফুর রহমান বলেন, অর্থ পাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সরকারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সন্ত্রাসীরা প্রচলিত অর্থ পাচার আইনের দুর্বলতা সুযোগ নিতে পারে। প্রচলিত আইনে এলসিতে উল্লেখিত পণ্যের চেয়ে কম পণ্য আমদানির মাধ্যমে বিদেশে অবৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ রয়েছে।
