নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০০৫।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট মীর শাহাবুদ্দিন মাহমুদ বুধবার বলেন, এবারের মেলা আয়োজনে ব্যুরোর সামনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময় স্বল্পতা। সার্ক সম্মেলন শেষে মাত্র ২৬ দিন সময়ে মেলা অনুষ্ঠানের জন্য ১২ লাখ ৬০ হাজার বর্গফুট এলাকা জুড়ে একটি মিনি শহর নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, সম্পূর্ণ স্বঅর্থায়নে বেসরকারি-সরকারি অংশগ্রহণে মেলার আয়োজন করা হয় এবং সেবা প্রদানকারী সরকারি সংস্থা ছাড়া মেলায় অংশ নেওয়া প্রায় সব প্রতিষ্ঠানই বেসরকারি প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, চিনের ইউনান প্রদেশের চেম্বার, পাকিস্তানের করাচি চেম্বার, ভারতের হায়দ্রাবাদ চেম্বার ও মায়ানমারের এফএমসিসিআই এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলসহ আরও কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দল মেলার অংশ নিতে বাংলাদেশে আসছে।
ইপিবি ভাইস প্রেসিডেন্ট বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ে স্থাপন, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড দ্বারা মেলা মাঠ সুইপিং, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিডিআর মোতায়নসহ পুলিশ ও র্যাবের সঙ্গে সাদা পোশাকে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকার মাধ্যমে সুদৃঢ় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ্য করেন এবারের মেলায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমবারের মত ৪০ টিরও অধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিড় ও যানজট হ্রাসে অন্যান্য বছরের মতো ভ্রাম্যমাণ আদালতও বসানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইপিবি’র ডিরেক্টর জেনারল মোস্তফা মহিউদ্দিন, রাজিয়া সুলতানা ও পরিচালক একেএম নিজামুল আলম।
এবারের মেলায় পাকিস্তান, চিন, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, মায়ানমার, অস্ট্রিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ ১১ টি দেশ অংশ নিচ্ছে। তবে পাকিস্তান, চিন ও ভারত বড় আকারে অংশ নিচ্ছে। তবে গতবার মেলায় ১৬ টি দেশের বিভিন্ন কোম্পানি ২৪ টি প্রতিষ্ঠান অংশ নেয়।
এবারে মেলায় প্রথমবারের মত মায়ানমার অংশ নিতে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ছোট-বড় মিলে মোট ৩৯৮ টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে।
ব্যুরো পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ মেলায় প্রায় ৫ শত কোটি টাকার ব্যবসা হবে।
এবারে মেলায় ৫ টি বিশেষ প্যাভিলিয়ন, ৯ টি বড় প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬ টি প্যাভিলিয়ন, ১৪ টি ছোট প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৪ টি ছোট প্যাভিলিয়নসহ মোট ৪২১ টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে। এর মধ্যে ৩৯৮ টি দেশীয় প্রতিষ্ঠান অংশ নেবে।
ব্যুরোর কর্মকতারা বলেন, নিয়মিতভাবে মেলা অনুষ্ঠানের ফলে মেলার সার্ভিস প্রোভাইডার হিসেবে এ্যাডভার্টাইজিং, ইন্টিরিয়র ডেকোরেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটেছে।
এবারের মেলায় প্রবেশ মূল্য থাকবে ১০ টাকা ও ৫ টাকা।
প্রাধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ১০ ডিসেম্বরে বিকেল সাড়ে তিনটায় বাণিজ্য মেলা উদ্বোধন করবেন এবং মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছে ইপিবি।
