২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক কিউমুলেশনসহ জাতীয় আন্তর্জাতিক দাবিসমূহ নিয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আঞ্চলিক কিউমুলেশনসহ তৈরি পোশাক খাতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের জন্যে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি টিপু মুনশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি ইউরোপীয় ইউনিয়নে শুল্ক সুবিধার প্রাপ্তির জন্যে সার্ক ও আশিয়ান কিউমুলেশন গঠন, রুলস অব অরিজিন শীথিলকরণ,  পুণঃরপ্তানি কার্যক্রম সহজীকরণ, বাংলাদেশ ব্যাংক থেকে ২৫৫ কোটি টাকার ছাড়, ঢাকা ও চট্রগ্রাম শহরের বাইরে পৃথক গামেন্টস পল্লী স্থাপন, রুগ্ন গার্মেন্টসের ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্সি এবং শিপিং এজেন্টের নীতি বহির্ভূত কার্যক্রম রোধের প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

বাণিজ্যমন্ত্রী কয়েকটি দাবীর সঙ্গে একমত হয়ে বলেন, সরকার রপ্তানিমূখী পোশাক শিল্পের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ঢাকা ও চট্রগ্রামের শহরের বাইরে আশপাশে খাস জমি পাওয়া গেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।

মন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার বিষয়ে সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

কয়েকটি সমস্যার উল্লেখ করে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সব সমস্যার সমাধান করা সম্ভব।

বিজিএমইএ প্রতিনিধি দলের মধ্যে আরও ছিলেন পরিচালক এসএম ফজলুল হক, প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব, দ্বিতীয় সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি শহিদুল হক সিকদার (লিটু), শাহাদৎ হোসেন চৌধুরী প্রমুখ।