প্রধানমন্ত্রীর সাথে বিল গেটসের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ
বাংলাদেশ সফররত মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান বিল গেটস সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে গেটস বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
কর্মকর্তারা জানান, আইটি খাতসহ অন্যান্য সকল ক্ষেত্রে ব্যবসায়ের অনুকূল পরিবেশ দেখে বিল গেটস অভিভূত হয়েছেন এবং তিনি তার অনুভূতি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে তার পরিকল্পনার কথা পৃথিবীর শীর্ষ সম্পদশালী ব্যক্তি বিল গেটস প্রধামন্ত্রীকে অবহিত করেন।
স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ করে প্রাথমিক ও মহিলা শিক্ষা, শিশু মৃত্যুর হার হ্রাস করা এবং নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করতে তার সরকারের সাফল্যের কথা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিল গেটসকে জানান।
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস করতে সহযোগিতা বৃদ্ধির প্রতি বিল আগ্রহ দেখিয়েছেন।
চট্টগ্রামে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির জন্য উদ্যোগ গ্রহণ ও জমি বরাদ্দের মাধ্যমে তা প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করায় মাইক্রোসফট প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে বিল গেটস ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিচ্ছে।
বিল গেটস বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি উন্নয়ন ত্বরান্বিত করতে তার কোম্পানি সহায়তা প্রদান করবে।
বৈঠকে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. মঈন খান ও বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমান উপস্থিত ছিলেন।
