২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে চীন চামড়া, পাট ও সীফুড আমদানি করতে আগ্রহী

বাংলাদেশ ও চীনের মধ্যেকার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য, চামড়া ও পাট আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে সফররত ক্রয় সংক্রান্ত চীনা প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক দেং লিইয়াং- এর নেতৃত্বে সফররত নয় সদস্যের প্রতিনিধি দলটি রোববার এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ আগ্রহ প্রকাশ করেন।

এফবিসিসিআই সূত্র জানায়, ২০০৪--০৫ অর্থ বছরে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৫৫৫ দশমিক ৬৭ মিলিয়ন ডলার, অন্যদিকে ২০০৩--০৪ অর্থ বছরে এ পরিমাণ ছিল ১০৮৭ দশমিক ৮৩ মিলিয়ন ডলার।

২০০৪--০৫র অর্থ বছরে বাংলাদেশ ৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারের পণ্য চীনে রপ্তানি করে। বিপরীতে চীন থেকে আমদানি করে ১৬১৩ দশমিক ৪৯ মিলিয়ন ডলারের পণ্য।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রতিনিধি দলকে বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। এ ব্যাপারে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই সহযোগিতা করবে বলে তিনি জানান। তিনি বলেন, গত বছর বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং প্রতিশ্র“ত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২০৬ মিলিয়ন ডলার।

আলোচনাংয় অংশ নেন চীন দূতাবাসের ইকনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর ছি জিনফু, এফবিসিসিআই সহ সভাপতি দেওয়ান সুলতান, পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, গোলাম মুর্তজা এবং গাজী বেলায়েত হোসেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, গত অর্থ বছরে বাংলাদেশ ২২০ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের চামড়াজাত পণ্য, ৯৬ দশমিক ১৯ মিলিয়ন ডলারের কাঁচা পাট এবং ৪২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি করলেও চীন মাত্র তিন দশমিক ৯৬ শতাংশ চামড়া ও ২৪ দশমিক ৯৩ শতাংশ পাট আমদানি করেছে।

এফবিসিসিআই নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে ওষুধ, ক্যামেরার যন্ত্রাংশ, গলফ শ্যাফট ও হালকা যন্ত্রপাতি আমদানি করতে প্রতিনিধ দলকে আহ্বান জানান। গত ১৪ সেপ্টেম্বর এ ধরনের আরেকটি ক্রয় সংক্রান্ত চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এবং চামড়া ও পাট ক্রয় সংক্রান্ত দু’টি চুক্তি সাক্ষর করে।