বাংলাদেশে বাইসাইকেল ও জুতা কারখানা স্থানান্তর করতে আগ্রহী তাইওয়ানের বিনিয়োগকারীরা
ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা গ্রহণের লক্ষ্যে তাইওয়ানের বাইসাইকেল ও জুতা উৎপাদনকারীরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার সুবিধা খতিয়ে দেখতে এখন বাংলাদেশ সফর করছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকাস্থ তাইওয়ান ট্রেড সেন্টারের এক কর্মকর্তা শনিবার বিডিনিউজকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পেতে তাইওয়ানি প্রতিনিধিদল তাদের কারখানাগুলো এখানে স্থানান্তর করতে চাচ্ছে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীন থেকে বাইসাইকেল রপ্তানির ক্ষেত্রে ৪৮ দশমিক পাঁচ শতাংশ এবং ভিয়েতনাম থেকে রপ্তানির ক্ষেত্রে ৩৪ দশমিক পাঁচ শতাংশ এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এর ফলে এ দু’টি দেশে তাইওয়ানের বাইসাইকেল কারখানাগুলো হুমকির সম্মুখীন।
তিনি আরও বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করার মাধ্যমে আমরা এন্টি ডাম্পিং শুল্ক এড়াতে পারব এবং একই সাথে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাব।
তাইওয়ান ট্রেড সেন্টারের ওই কর্মকর্তা বলেন, এছাড়াও এখানে জুতা কারখানা স্থাপনে বিনিয়োগ করাটা সুবিধাজনক। কেননা এখানকার রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের বাজারে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পায়।
সূত্র জানায়, তাইওয়ানের বৈদেশিক বাণিজ্য বোর্ডের উপ পরিচালক হু সিন হুয়ার নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল এখন বাংলাদেশে বিনিয়োগের সার্বিক পরিবেশ মূল্যায়ন করে দেখছে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বাইসাইকেল অ্যসোসিয়েশন ও তাইওয়ান ফুটওয়ার ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
তারা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বিইপিজেড) এবং বিনিয়োগ বোর্ডের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন।
বাংলাদেশে বর্তমানে একটি মাত্র তাইওয়ানি বাইসাইকেল প্রস্তুত কারখানা রয়েছে।
তাইওয়ানকে বলা হতো বাইসাইকেল ও জুতার রাজ্য, কিন্তু সম্প্রতি চীনের কাছে তারা এ উপাধি হারাতে বসেছে।
