২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদীদের বার্ষিক নীট মুনাফার ১০ শতাংশ দিয়ে ৫ লাখ পূর্ণকালীন দলীয় সদস্য নিয়োগ সম্ভব

দেশে মৌলবাদীদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক নীট মুনাফার ১০ শতাংশ দিয়ে পাঁচ লাখ পূর্ণকালীন দলীয় সদস্য নিয়োগ দেওয়া সম্ভব আর তারা এমনটি করেও থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

জাতীয় প্রেসক্লাবে শনিবার সেক্যুলার ইউনিটি, বাংলাদেশ আয়োজিত ‘ধর্ম যার যার, রাষ্ট্র সকলের-- সংকট উত্তরণে সেক্যুলার ঐক্যের বিকল্প নেই’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে অর্থনীতিবিদ আবুল বারকাত একথা বলেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান এমপি, অধ্যাপক ড. আআসম আরেফিন সিদ্দিকি, শাহরিয়ার কবির, সংগঠনের আহবায়ক শামসুল আরেফিন খান এবং রাশেদ মোশারফ।

আবুল বারকাত বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন, বৈষম্য--বঞ্চনা-- এসব নিজেই জঙ্গিত্ব পুনরুৎপাদনে সহায়তা করে।  

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে মৌলবাদীদের নিয়ন্ত্রণে ব্যাংক, বীমাসহ আনুমানিক ৪৫০টি বেসরকারি সংস্থা রয়েছে। 

এখন পর্যন্ত আটক ১৫শ’ জঙ্গির গড় বয়স ২২ বছর উল্লেখ করে তিনি প্রশ্ন করেন ১০--১৫ বছর আগে যারা আফগানিস্তান, পাকিস্তান, বার্মায় জঙ্গী প্রশিক্ষণ নিয়েছে, তাদের গড় বয়স তো এখন হবে ৪০ বছর। তারা কোথায়? এবং এদের সরকার ধরে না কেন।

বক্তারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, সবাইকে ধরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে সব দিক থেকে সরকারের ওপর চাপ প্রয়োগের আহবান জানান।         

জঙ্গিদের অর্থ ও অস্ত্রের উৎসমুখ বন্ধ এবং সংশ্লিষ্ট সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিদের অর্থ ও অস্ত্রের উৎস সম্পর্কে সরকারের যা কিছু জানা আছে, তা অতি দ্রুত গণমাধ্যমে প্রচার করা উচিত।

বক্তরা আর্থ--সামাজিক--রাজনৈতিক বৈষম্য বিলোপসহ সেক্যুলার মানস কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।