২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ প্রকল্প বাদ দিতে ভারতের প্রতি আহ্বান

টিপাইমুখ বাঁধ প্রকল্পকে বাদ দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে ঘোষণা গ্রহনের মধ্য দিয়ে শনিবার ঢাকায় দুই দিনব্যাপি আন্তর্জাতিক টিপাইমুখ বাঁধ সম্মেলন- ২০০৫ (আইটিডিসি- ০৫) শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

সম্মেলনে প্রকল্পটিকে অগণতান্ত্রিক, গণবিরোধী, পরিবেশ বিরোধী এবং জীবন বিরোধী আখ্যায়িত করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতসহ এশিয়ার ১০টি দেশের প্রতিনিধিরা আইটিডিসি- ০৫ সম্মেলনে যোগ দেন।

ভারতের মনিপুর রাজ্যের বরাক ও তুইভাই নদীর মিলনস্থলে ১৬২ মিটার উঁচু পাথরের বাঁধ প্রকল্প বাস্তবায়নের পরিণতি পর্যালোচনা করতে ‘অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন’ এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের সিলেটের অমলশিদ সীমান্তের ১০০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের উচ্চমুখী স্রোতের স্থলে টিপাইমুখ বাঁধটি নির্মান করা হবে।

ভারত জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০১১ সালের মধ্যে ১৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে।

সম্মেলনের ঘোষণায় বিশ্ব বাঁধ কমিশনের (ওয়ার্ল্ড কমিশন অন ড্যাম্স বা ডব্লিউসিডি) সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে পানি সংক্রান্ত বিতর্কের অবসানে এগিয়ে আসতে চীন ও মায়ানমারসহ সার্কভূক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পর্যালোচনা করতে ঘোষণায় সুপারিশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাঁধ নির্মানের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে, তাদের সাথে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটাতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্তদের সাথে নিয়ে কাজ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশকে না জানিয়ে এবং বাঁধ নির্মানের প্রভাব নির্ণয় না করেই টিপাইমুখ বাঁধ প্রকল্প প্রণয়ন এবং অনুমোদন করেছে। আন্তর্জাতিক কনভেনশন ও ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তি অনুসারে বাংলাদেশের সাথে আলোচনার প্রয়োজন থাকলেও ভারত ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে চলছে।

বাংলাদেশ এবং ভারতের আসাম ও মনিপুর রাজ্যের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মীরা সম্মেলনে যোগ দেন। অংশগ্রহণকারিরা টিপাইমুখ বাঁধ নির্মানের বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

ছয় হাজার কোটি রুপির ব্যয়ে ১৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন করতে নভেম্বরে টিপাইমুখ বাঁধ বাস্তবায়নে লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষকে ভারত সরকার সবুজ সঙ্কেত দেয়।