ফুল ও অর্কিড উৎপাদনের প্রশিক্ষণ দিতে বিদেশি বিশেষজ্ঞের ঢাকা আগমন
দেশের ফুল ও অর্কিড উৎপাদক এবং রপ্তানিকারকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে শ্রীলংকার বিশেষজ্ঞ মোহনলাল সেনেকা বন্দরা হেরাথ মঙ্গলবার ঢাকায় এসেছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা জানায়, ছয়মাসের জন্য মোহনলালকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মোহনলাল কাট ফ্লাওয়ার, অর্নামেন্টাল প্লান্ট এবং অর্কিড উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশপাশি ফুল রপ্তানিকারদের বিদেশে রপ্তানি বাজারজাতকরণ, প্যাকেজিং এবং এর জন্য প্রয়োজনীয় দলিলপত্র তৈরির ওপরেও প্রশিক্ষণ দেবেন।
ফ্লাওয়ার গ্রোয়ারস অ্যান্ড এক্সপোটারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নার্সারি মালিক সমিতি, বাংলাদেশ অর্কিড সমিতি এবং বাংলাদেশ ফ্লাওয়ারস সমিতি’র প্রতিনিধি এবং ব্যক্তি ফুল উৎপাদকদের সঙ্গে ইপিবি কর্মকর্তা প্রতিষ্ঠানের কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়।
মিটিংয়ের সভাপতিত্ব করেন ইপিবি’র মহাপরিচালক রাজিয়া সুলতানা।
কিছু ফুল উৎপাদকরা ইপিবি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, তারা ফুল রপ্তানি করতে চাইলেও সরকার এ ব্যাপারে কোন ভর্তুকি প্রদান করেনি, অথচ কৃষি পণ্য রপ্তানিকারকরা ৩০ শতাংশ রপ্তানি ভর্তুকি পেয়ে থাকে।
থাই সরকারের বিমান কার্গোর সহায়তা উল্লেখ করে এক ফুল রপ্তানিকারক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ফুল চাষে দক্ষতা বাড়বে কিন্তু পরিবহন এবং বাজারজাতকরণ সম্পর্কিত সরকারি সহায়তা ছাড়া রপ্তানি বাড়বে না।
মোহনলাল এর আগে হর্টিকালচার এক্সপোট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশে প্রশিক্ষণের জন্য এসেছে।
ইপিবি’র হিসেব অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই- সেপ্টেম্বর সময়ে ৫ মিলিয়ন ডলার রপ্তানি হয় যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪৬ শতাংশ বেড়েছে।
