২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার বিনিয়োগের ক্ষতিকর প্রভাব যাচাইয়ে ব্যবসায়ীদের আহ্বান

ইস্পাত কারখানা স্থাপনে টাটার বিনিয়োগের অর্থনৈতিক ফলাফল ভালোভাবে যাচাই আগে কোনও চুক্তি না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ইস্পাত খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা মঙ্গলবার বলেন, টাটার বিনিয়োগের মাধ্যমে ইস্পাত কারখানা গড়ে দেশের ৫০ হাজার কোটি টাকা মূল্যের ইস্পাত কারখানা ও সেখানে কর্মরত ১০ লাখ লোকের ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ইস্পাত কারখানা সংক্রান্ত চুক্তির আগে টাটার বিনিয়োগ প্রস্তাবের তথ্য জনগণের কাছে তুলে ধরার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ইস্পাত কারখানার মালিকদের সাথে এক বৈঠকে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, টাটার বিনিয়োগের ফলে দেশের অর্থনীতির ওপর সর্বোপরি কী ধরনের প্রভাব পড়বে সে ব্যাপারে সরকারের একটি নিরপেক্ষ গবেষণা চালানো উচিত ।

তিনি বলেন, সরকারের উচিত হবে এমন একটি ব্যবস্থা নেওয়া যেখানে দেশি ও বিদেশি কোম্পানি সমানতালে কাজ করতে পারে।

বৈঠকে বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রিরোলিং মিল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই'য়ের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা আমাদের বিনিয়োগগৃত ৫০ হাজার কোটি টাকার নিশ্চয়তা চাই। এছাড়া টাটাকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আমাদেরও সেরকম সুযোগ সুবিধা দিতে হবে।

টাটার সাথে চুক্তি স্বাক্ষরের আগে দেশের ইস্পাত কারখানার মালিকদের সাথে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিরোলিং মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন।

তিনি বলেন, তা না হলে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না।

বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বদিউল আলম বলেন, সমস্যার সমাধান না করেই সরকার টাটার সাথে চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে।

সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আরএ গনি বলেন, রোলিং, রিলোলিং ও স্পঞ্জ আয়রন কারখানাসহ দেশে প্রায় ১০০ টি স্টিল কারখানা রয়েছে। স্থানীয় স্পঞ্জ কারখানাগুলোতে যেখানে কয়লা সরবরাহ করা হয় না, সেখানে টাটাকে কয়লা দেওয়া হবে।

এফবিসিসিআই'য়ের সাবেক পরিচালক আব্দুল হক বলেন, চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই ফলাফলের ব্যাপারে একটি স্বাধীন গবেষণা চালাতে হবে।