হাজতির চেয়েও কম ক্যালরি পায় দিনমজুররা
জেলখানায় হাজতির জন্য সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্যে যেটুকু ক্যালোরি থাকে আমাদের দেশের শ্রমিকরা সারাদিন কাজ করে সেটুকু ক্যালোরিও পায় না, জাতীয় সংসদের হুইপ মো. আশরাফ হোসেন এমপি সোমবার এক গোলটেবিল বৈঠকে একখা বলেছেন।
তিনি বলেন, যে শ্রমিকের শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে তাদের জন্যে ন্যুনতম মজুরি ঘোষণা করতে না পারা জাতির ব্যর্থতা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স এর উদ্যোগে ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য: দারিদ্র নিরসন কৌশলপত্র ও জাতীয় ন্যুনতম মজুরী” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ চেয়ারম্যান অধ্যাপক ইকবাল আহমদ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা খালেদা ইসলাম, সুশাসনের জন্য প্রশাসন (সুপ্র) এর প্রধান আমিনুর রসুল বাবুল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র গবেষণা সহযোগী সাইদ আহমেদ, উপ শ্রম পরিচালক কবির আহমেদ চৌধুরী ও শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) প্রতিনিধি হারুন উর রশিদ। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান।
ড. কাজী মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় ন্যুনতম মুজুরি নিশ্চিত করার জন্যে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। দেশের পরিসংখ্যান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিতর্কিত তথ্য দিয়ে দয়া করে লোকজনকে বিভ্রান্ত করবেন না। তিনি বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ’র কথা মতো পরিসংখ্যান ব্যুরো দারিদ্রের হার নির্ণয় করে। সুতরাং এ তথ্য ব্যবহার করা বিপদজ্জনক।
আলোচনা সভার অন্য বক্তারা বলেন, দারিদ্র্য দূর করতে প্রথমে আমাদেরকে জানতে হবে কত লোক দরিদ্র। কিন্তু এ তথ্যটিই আমরা ঠিকমতো জানি না। শ্রমিকদের জন্যে জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণা করা না গেলে কোনো কৌশল, কোনও লক্ষ্যই অর্জিত হবে না। তারা বলেন, জীবনযাত্রার ন্যুনতম মান বজায় রাখার জন্যে ন্যূনতম মজুরি প্রয়োজন।
দিনে একজন লোককে কত ক্যালরি গ্রহণ করা উচিত তার হিসেব দিয়ে অধ্যাপক খালেদা ইসলাম বলেন, প্রতিদিন ন্যূনতম ২১০০ ক্যালরি দরকার, যার দাম মাত্র ৩০ টাকা। কোনও পরিবারের যদি চারজন সদস্য থাকে তাহলে ওই পরিবারের সদস্যদের প্রত্যেকের ন্যূনতম ক্যালরি পূরণ করতে কমপেক্ষ ১২০ টাকা দরকার। কিন্তু বেশিরভাগ শ্রমিকই সেটা আয় করতে পারে না। তবে শ্রমিকরা যেহেতু কঠোর পরিশ্রম করে তাই তাদের পত্যেকের প্রতিদিন ৩৫০০ ক্যালরি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ইকবাল আহমেদ বলেন, সরকার শিগগিরই জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণা করতে যাচ্ছে, তবে এটি সম্ভবত ২০০১ সালের প্রস্তাব অনুযায়ী করা হবে। তিনি বলেন, প্রথমে ঘোষণা আসা উচিত, তারপর চিন্তা করা যাবে বর্তমান সময়ের জন্যে এটি গ্রহণযোগ্য কিনা।
সভায় অন্যান্য বক্তারাও অতি দ্রুত জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণার ওপর গুরুত্বারোপ করেন। তবে জীবনযাত্রার ন্যুনতম মান যাতে বজায় রাখা যায় সেরকম একটি ঘোষণা হওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।
