স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিতে কমনওয়েলথ নেতারা সম্মত
উন্নত দেশের বাজারে স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত খসড়া অনুমোদন করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
খসড়া অনুমোদন করার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, উন্নত দেশকে তাদের বাজারে স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিতে হবে। একই সাথে তাদেরকে উন্নয়নশীল দেশকেও এ সুযোগ দিতে হবে।
কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার এক অনানুষ্ঠানিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পাসকল লামি এ খসড়া প্রকাশ করেন। ১৩ ডিসেম্বর থেকে হংকংয়ে শুরু হতে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে এটি উপস্থাপন করা হবে।
খসড়ায় বলা হয়, দোহা ঘোষণার অঙ্গীকারের ভিত্তিতে এ সম্মেলন শেষে আমরা স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি বাস্তবায়নে একমত হয়েছি।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
মোরশেদ খান বলেন, গ্লোবালাইজেশনের কারণে আন্তর্জাতিক বাজারে স্বল্পোন্নত দেশের পণ্য চ্যালেঞ্জের সম্মুখীন এবং কোনঠাসা হয়ে পড়ছে।
আসন্ন সম্মেলনে সুশাসন, মানবাধিকার, সন্ত্রাসবাদ ও ডিজিটাল ভারসম্য রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
