আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ সম্মেলন সোমবার শুরু
ঢাকায় সোমবার থেকে শুরু হচ্ছে ‘ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণের মধ্যকার সেতুবন্ধন’ শীর্ষক দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন।
ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করেছে।
ঢাকা শেরাটন হোটেলে রোববার এক সংবাদ সম্মেলনে এসইডিএফ’র প্রোগ্রাম ম্যানেজার (অর্থনৈতিক বাজার) গিলেস গ্যালুডেক বলেন, আমরা লক্ষ্য করেছি, অনেক ক্ষুদ্র ঋণ গ্রহীতা ধীরে ধীরে ভবিষ্যতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তায় পরিণত হচ্ছে। কিন্তু এ ঋণকে অনানুষ্ঠানিক খাত থেকে আনুষ্ঠানিক খাতে নিয়ে যেতে অনেক বাধা রয়েছে।
তিনি বলেন, আসন্ন সম্মেলনে প্রচলিত ও অপ্রচলিত উভয় খাতে ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণের সমস্যা সমাধানের উপায়ের ওপর গুরুত্বারোপ করা হবে।
সম্মেলনে এ দু’টি বিষয়ের অসামাঞ্জস্যতা দূর করতে প্রযুক্তি, বাজার ও চাহিদা এবং অপ্রচলিত খাতের প্রয়োজনীয় পরিবেশ নীতিমালা নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।
আসন্ন এ সম্মেলনে অন্যান্যের মধ্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, প্লানেট ফাইন্যান্সের সভাপতি জ্যাক আত্তালি, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ, ওয়াশিংটনের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠান আইএফসি’র পরিচালক লরেন্স কার্টার উপস্থিত থাকবেন।
এছাড়া আন্তর্জাতিক ও স্থানীয় বাণিজ্যিক ব্যাংক, এনজিও এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কনসালটেটিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকগণ এ সম্মেলনে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে এসইডিএফ’র সিনিয়র ফিনান্সিয়াল মার্কেট স্পেশালিস্ট এম রেহান রশিদ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আনুশে এ খান উপস্থিত ছিলেন।
