স্থল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি চেয়েছে বিজিএমইএ
দেশের পোশাক রপ্তানিকারকরা রোববার আবারও সরকারের কাছে স্থল বন্দর দিয়ে সুতা আমাদানি করার অনুমতি চেয়েছেন। স্থানীয় সুতার দাম আমাদানিকৃত সুতার দামের চেয়ে বেশি থাকায় তার এ দাবি জানিয়েছেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি’র (বিজেএমইএ) সভাপতি টিপু মুন্সি রোববার তার কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে বলেন, আমরা সরকারের কাছে শুধু স্থল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি চাইছি। যাতে করে দেশের পোশাক শিল্প কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
এদিকে শনিবার স্থানীয় সুতার অপর্যাপ্ততা এবং উচ্চ মূল্যের জন্য বাংলাদেশ নিটওয়ার প্রস্তুত ও রপ্তানি সমিতি (বিকেএমইএ) ও একই দাবি উত্থাপন করেছে ।
অর্থমন্ত্রী সাইফুর রহমানের পরামর্শ উপেক্ষা করে সুতার দাম বৃদ্ধি করায়, স্থানীয় সূতা প্রস্তুতকারকদের সমালোচনা করে বিজেএমইএ সভাপতি জানান, অর্থমন্ত্রী নিজেও এবিষয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেছেন।
২৯ সেপ্টেম্বর বাটেক্সপো-২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছিলেন, স্থানীয় সুতার দাম না কমালে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমাদানির অনুমতি দেয়া হবে।
টিপু মুন্সি বলেন, অর্থমন্ত্রীর পরামর্শের পর দুইমাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সুতার দাম কমায়নি সুতা প্রস্তুতকারীরা।
তৈরি পোশাক প্রস্তুতকারকরা জানান, গত এক মাসে স্থানীয় সুতার দাম কিলোগ্রামে প্রতি ৩০ শতাংশ থেকে ৪৫শতাংশ বেড়েছে যেখানে পাশ্ববর্তী দেশ ভারতে দাম বেড়েছে মাত্র ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ।
তারা আরও জানান, অন্তর্জাতিক বাজারে প্রতি কিলোগ্রাম সুতার দাম বেড়েছে মাত্র ১০ সেন্ট।
স্থানীয় সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের তৈরিপোশাক খাত ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে। তারা বলেন, সুতার উচ্চমূল্যের জন্য দেশের নিটওয়ারের রপ্তানির সাফল্য মুখথুবড়ে পড়বে।
তারা আরও জানান, স্থানীয় সুতার অপর্যাপ্ততার কারণে তারা নির্ধারিত সময়ে মালামাল রপ্তানি করতে পারছে না।
তারা দেশের পোশাক খাতে ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ অর্থ ভুর্তুকি দেবার দাবি জানান।
টিপু মুন্সি বলেন, রপ্তানি কাজের অনুমতি দেবার সময় রপ্তানিকারকরা দেখে যে কারখানাগুলো কতখানি উপযুক্ত।
