ইমামদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির দায়িত্ব দিতে প্রধানমন্ত্রীর আহবান
দেশের দ্রারিদ্য নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ইমামদেরকে সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দরিদ্র জনগণের আর্থিক অবস্থার উন্নতি হলে দেশের সামগ্রিক অবস্থারও পরিবর্তন হবে। তাই এ লক্ষ্য অর্জনে দারিদ্র্য বিমোচন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ইমামদের স¤পৃক্ত করা হবে।
সামাজিক বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা নিজ নিজ এলাকার জনগণের অতি কাছাকাছি অবস্থান করেন। তাই সমাজের তৃণমূল নেতা হিসেবে তাদের গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে ইমামরা নারীর প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ইস্যু, পরিবার কল্যাণ, নিরাপদ মাতৃত্ব, ঘাতক ব্যধি এইডস প্রতিরোধ, নারী পুরষের সম-অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে এবং দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সাম্প্রতিক বোমা হামলা ও জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, একদল বিপথগামী লোক পবিত্র ইসলামের নাম ব্যবহার করে দেশে অশান্তি ও সন্ত্রাস কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। ইসলামের নামে যারা দেশ ও জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং সাধারণ মানুষকে বিপথগামী করতে চায় তাদের বিরুদ্ধে ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী বাংলাদেশের উদারনৈতিক গণতান্ত্রিক পরিচয় নষ্ট করতে মরিয়া উগ্রবাদীদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান ও আইনগত ব্যবস্থার পাশাপাশি মোটিভেশন ও প্রচার অভিযান জোরদার করার জন্যে সকল রাজনৈতিক দল, সামজিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানান।
বেগম জিয়া বলেন, বর্তমানকে উপেক্ষা করে এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ না করে কোনো জাতি অগ্রসর হতে পারে না। তাই বর্তমান সময়ের চাহিদা ও ভবিষ্যতের দাবি পূরণের লক্ষ্যে সময় উপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্যে ইমামদের আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মূল্যবান অবদান রাখছেন। আগামীকে দেশের সকল ইমামকে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে ইতোমধ্যেই ট্রাস্টকে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রাস্টের এই টাকায় সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে শিগগিরই দারিদ্র বিমোচনের ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দেন তিনি।
