বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানি উদ্যোক্তারা
সম্পূর্ণ রপ্তানি নির্ভর বেক্সিমকো গ্র“পের বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে একটি টেক্সটাইল প্রকল্প চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানি উদ্যোক্তারা।
গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকোর টেক্সটাইল পার্কের বেক্সিমকো টেক্সটাইল কারখানা পরিদর্শনকালে ২১ নভেম্বর
পাকিস্তানি টেক্সটাইল প্রতিনিধিরা এ ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তান বেডওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাবির আহমেদের নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধি দলটিকে স্বাগত জানান বেক্সিমকো টেক্সটাইলস’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নভেদ হোসেন। কোম্পানির চিফ অপারেটিং অফিসার সরদার আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন।
পাকিস্তানি প্রতিনিধি দল বেক্সিমকোর স্পিনিং, উইভিং, ডাইং ও স্টিচিংসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। সৈয়দ নভেদ হোসেন বেক্সিমকোর বিভিন্ন কমর্কাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করেন।
সৈয়দ নভেদ বলেন, পাকিস্তানি প্রতিনিধি দলটি বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল খাতের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। তারা বেক্সিমকোর সাথে যৌথ উদ্যোগে কাজ করার ব্যাপারে সম্ভাব্য উপায়গুলো খতিয়ে দেখছে বলে তিনি জানান।
গত মাসে পাকিস্তানের করাচিতে একটি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছে বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেড। কোম্পানির এই এক্সক্লুসিভ ফ্যাশন শপের নাম দেওয়া হয়েছে ‘ইয়েলো’।
