২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু

চলতি মৌসুমে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এবার এক কোটি টাকা লাভ হবে বলে মিল কর্তৃপক্ষ আশা করছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 11:15 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

চিনিকল কর্তৃপক্ষ জানায়, এ বছর এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ছয়শ’ ৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নয় হাজার দুইশ’ ৩২ একর জমিতে আখ চাষ করা হয়েছে।

গত দুই বছর ধরে পঞ্চগড় চিনিকলটির অবস্থান ছিল নো লস নো প্রফিট। তবে এবছর চিনিকলটি প্রায় এক কোটি টাকা লাভ করবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহাম্মদ বিডিনিউজকে জানান, দেশের অন্যান্য সুগার মিলের চেয়ে পঞ্চগড় সুগার মিলের অবস্থা বেশ ভাল। গত মাড়াই মৌসুমে মিল লাভবান হতে না পারলেও নো লস নো প্রফিট অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে চলতি মাড়াই মৌসুমে আমরা লাভের মুখ দেখবো।

মিল কর্তৃপক্ষ এসটিপি আখ আবাদে একর প্রতি ১৭৪০ টাকা ভতুর্কি দেয়ার ফলে আখ চাষীরা এ বছর আখ চাষে আগ্রহী হয়ে উঠেছে।

গত বছর মিল গেটে আখের মূল্য ছিল ৪৪ টাকা এবং ক্রয় কেন্দ্রে আখের মূল্য ছিল ৪৩ টাকা। এবার মিল গেটে আখের মূল্য মণ প্রতি চার টাকা এবং ক্রয় কেন্দ্রে তিন টাকা বৃদ্ধি করা হয়েছে। এ বছর চার টাকা বৃদ্ধি করে মিলগেটে ৪৮ টাকা এবং ক্রয় কেন্দ্রে ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে চিনিকল কর্তৃপক্ষ আগামী ২০০৬--০৭ আখ মাড়াই মৌসুমের জন্য ১১ হাজার একর জমিতে আখ চাষাবাদ করে এক লাখ ৩৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় ১১ হাজার পাঁচশ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এজন্য শিল্প মন্ত্রণালয় চাষীদের বীজ-সার-কীটনাশক ক্রয় করার সুবিধার্থে  পাঁচ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।