৩৫টি বাংলাদেশী মিশন ও ১১টি বাণিজ্যিক শাখা রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ
বিদেশস্থ ৩৫টি বাংলাদেশী কূটনৈতিক মিশন ও ১১টি বানিজ্যিক শাখা চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। সরকারি সূত্র এ তথ্য জানায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, এ সমস্ত কূটনৈতিক মিশন ও বাণিজ্যিক শাখার মধ্যে ১৪টি মিশন ও ছয়টি শাখা আবার গত বছরের একই সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়েও পিছিয়ে আছে।
মিশন ও বাণিজ্যিক শাখাগুলোর ব্যর্থতার কারণে দেশের সার্বিক রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় মোট ১ দশমিক ৩২ শতাংশ কম হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল মোট ১৭৭৬ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে একই সময়ে রপ্তানি হয়েছে ১৭৫৩ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে ইপিবি’র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ জানান, আমরা এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। মন্ত্রণালয় ওই সমস্ত মিশনের কাছে ব্যর্থতার ব্যাখ্যা চেয়ে পাঠাবে।
রপ্তানির ক্ষেত্রে গত বছরের চেয়ে পিছিয়ে থাকা মিশনগুলো হলো- প্যারিস, ব্রাসেলস, রোম, স্টকহোম, তেহরান, বেইজিং, সিউল, প্রিটোরিয়া, কুয়ালালামপুর, ম্যানিলা, ইয়াঙ্গুন, থিম্পু, তাসখন্দ ও কাঠমান্ডু।
অন্যদিকে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ ও গত বছরের চেয়ে পিছিয়ে থাকা বাণিজ্যিক শাখাসমূহ হলো- প্যারিস, ব্রাসেলস, তেহরান, বেইজিং, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুন।
সূত্র জানায়, দেশের মোট ৪৪ টি বৈদেশিক মিশনের মধ্যে মাত্র নয়টি (ওয়াশিংটন, হেগ, বার্লিন, মাদ্রিদ, কায়রো, দুবাই, মস্কো, মাস্কাট ও ব্র“নাই) মিশন সরকারের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অন্যদিকে ১৬ টি বাণিজ্যিক শাখার মধ্যে মাত্র পাঁচটি শাখা (ওয়াশিংটন, বার্লিন, মাদ্রিদ, দুবাই, মস্কো) এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি মো. ফজলুল হক বলেন, মিশনগুলোর এই কার্যক্রমে আমরা সন্তুষ্ট নই। অধিকাংশ মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন না।
