২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা আইটি সেবা দিতে রোববার শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০০৫

বেসিস আয়োজিত সফটওয়্যার মেলা সফটএক্সপো ২০০৫ কে সামনে রেখে নগরীতে এক মতবিনিময় সভায় শনিবার বক্তারা বলেন, তথ্যপ্রযুুক্তি একটি অর্থনৈতিক পণ্য। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের এর বাইরে থাকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ ও প্রতিযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ঢাকা ক্লাবে শনিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সফটএক্সপো ২০০৫ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইরফরমেশন সার্ভিসেস (বেসিস) এ সভার আয়োজন করে।

রোববার বিকাল ৩ টায় বাংলাদেশÑচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হতে যাচ্ছে। তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মেলার উদ্বোধন করবেন বলে বেসিস সূত্র জানায়।

মতবিনিময় সভায় বেসিস সভাপতি সারোয়ার আলম বলেন, তথ্যপ্রযুক্তিকে নির্দিষ্ট একদিকে নিয়ে যাওয়া উচিত হবে না।

তিনি বলেন, অন্য দেশের আধিপত্য বিস্তার রোধের জন্যে স্থানীয় বাজারে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। এজন্য সরকার ও মিডিয়া উভয়কেই এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বেসিসের সহসভাপতি টিআইএম নজরুল কবির বলেন, এ মেলার উদ্দেশ্য হচ্ছে ওয়ান-টু-ওয়ান ভিত্তিতে স্থানীয় সফটওয়্যার কোম্পানি ও আইটি এনাবলড সার্ভিসেস প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমঝোতা ও অংশীদারিত্বের ভিত্তিতে এদেশের ক্রমবর্ধমান আইসিটি সেক্টরে ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই এবং সে অনুযায়ী উদ্যোগ নেওয়া।

বেসিস সফটএক্সপো’র আহ্বায়ক সৈয়দ ফারুক আহমেদ বলেন, ‘মোর আইটি, মোর গ্রোথ’ এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠেয় পাঁচদিনের এ মেলায় জাতীয় উন্নয়নের অনুঘটক হিসেবে আইসিটি’র ওপর গুরুত্বারোপ করা হবে।

মেলার মূল স্পন্সর হচ্ছে গ্রামীণফোন। কো-স্পন্সর হিসেবে থাকছে মাইক্রোসফট, ইন্টেল, সান মাইক্রোসিস্টেমস ও এসইডিএফ।

এবারের মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘জব ফেয়ার’ বা চাকুরি মেলা। এটি স্পন্সর করবে বিডিজবস ডট কম।

মেলায় মোট ১২৫ টি কোম্পানির অংশগ্রহণে মোট ১৭০ টি স্টল থাকছে। মেলায় উল্লেখযোগ্য সফটওয়ারগুলোর মধ্যে থাকছে ইআরপি সলিউশন, এইচআর, এমপ্লয়ি বেনিফিট, কাস্টমার রিলেসন্স, এসএমএস বেইডজ ইন মার্কেট সেলস সলিউশন, কল হ্যান্ডলিং ইত্যাদি।

গতবারের তুলনায় এবারের মেলায় বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি। প্রায় ১০০ জনের মতো বিদেশি প্রতিনিধি এ মেলায় উপস্থিত থাকবেন। গতবারের মতো এবারও প্রায় ২০ টি ইউরোপীয় ও অন্যান্য বিদেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে।

এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সেমিনার প্রতিদিন, আইটি জব ফেয়ার, বেস্ট আইটি ইউজ ২০০৫ অ্যাওয়ার্ডস, আইসিটি ইনোভেশন সার্চ প্রোগ্রাম, সফটওয়্যার প্রোডাক্ট ক্যাটালগ।