২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আগমনে সবজির দাম কমছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া

শীত এসে যাওয়ায় রাজধানীতে শীতের সবজির সরবরাহ বেড়েছে। ফলে নগরীর কাঁচা বাজারগুলোতে নতুন শাকসবজির দাম কিছুটা কমছে। তবে গত কয়েকদিনে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা থাকায় ঢাকার বিভিন্ন বাজারে বিভিন্ন দামে একই শাকসবজির বিক্রি হতে দেখা যায়। তবে বিদেশী পেঁয়াজের দাম একটু কমের দিকে হলেও বাজারে দেশী পেঁয়াজের দাম অপরিবর্তীত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

অন্যদিকে, ধান কাটার মৌসুম শুরু হলে পাইকারি বাজারে চালের দাম কমার লক্ষণ দেখা দিলেও খুচরা বাজারে এর কোনও প্রভাব দেখা যায় নি। এমনকি রাজনৈতিক অস্থিরতার জের ধরে কোন কোন খুচরা বাজারে চালের বাড়তি দাম রয়েছে। গত সপ্তাহের তুলনায় সরু চালের দাম বেড়েছে ১ থেকে ২ টাকা হারে। 

কাওরানবাজারে কাঁচামাল ব্যবসায়ী শওকত খান শুক্রবার বলেন, গেল সপ্তাহে মহাসমাবেশ ও হরতালের কারণে শাকসবজির আমদানি কম হওয়ায় শীত মওসুম শুরু হলেও সবজির দাম তুলনামূলক খুর একটা কমেনি। তবে এ সপ্তাহে শীতের সবজির দাম কমবে বলে ধারনা করা হচ্ছে। স্বাভাবিকভাবে কাঁচামালের দাম কিছুটা কমলেও অন্য বছরের এই সময়ে তুলনায় এখনও কাঁচামালের দাম বেশি।

ঢাকার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ঈদ শেষ হওয়ার পরও বাজারে মাংসের দাম কমার কোনও লক্ষণ নেই। ঈদের আগে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে গরুর মাংস ১২০/১৩০ টাকা এবং খাসির মাংসের দাম ২০০ টাকা নির্ধারিত হয়েছিলো যা এখনো বলবৎ রয়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগীর মাংস কেজি প্রতি  বিক্রি হচ্ছে ৭৫ টাকা।

সবজির বাজারে করল্লা, শিম, ঢেঁড়শ, বেগুন ও বিভিন্ন ধরনের শাঁকের দাম এ সপ্তাহে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি তিন থেকে ছয় টাকা কমেছে। কেজি প্রতি করল্লা চার টাকা কমে ১৬ টাকায়, পটল সাত/আট টাকা কমে ১৪ টাকায় এবং বেগুন দুই টাকা কমে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমটোর দাম না কমে শুক্রবার কেজি প্রতি এক টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা।

অন্যদিকে, আলুর দাম গত দুই সপ্তাহ ধরে উচ্চমূল্য থাকার পর শুক্রবার আলুর দাম বিশেষ করে পাইকারি বাজারে হ্রাস পেতে শুরু করেছে। এ সপ্তাহে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা। যদিও বাজারে নতুন আলু দেখা গেলেও চড়া দাম রয়েছে। নতুন আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকা এবং লাল আলু ১২টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গত ক’মাস ধরে পেয়াজের দাম ক্রমাগত বাড়ার পর এ সপ্তাহে বিদেশী পেঁয়াজের দাম আরেক দফা কমেছে। বিদেশি পেয়াজের দাম কেজি প্রতি পাঁচ/ছয় টাকা ৩৩/৩৫ টাকায় বিক্রি হলেও দেশি পেঁয়াজ আগের মত কেজি প্রতি ৪৮ টাকায় বিক্রি হয়েছে। তবে আদার দাম গত সপ্তাহের মত থাকলেও বিদেশী রসুনের দাম বেড়েছে প্রায় ছয়/সাত টাকা। শুক্রবার কেজি প্রতি আদার দাম ৫০ টাকা এবং বিদেশী রসুনের দাম ছিল ৫৫ টাকা। 

কাওরানবাজারে পেঁয়াজ ব্যবসায়ী আলী হোসেন বলেন, বিদেশি পেঁয়াজের আমদানি বাড়ায় বাজারের বিদেশি পেয়াজের দাম গত দু’সপ্তাহ ক্রমাগত কমেছে। আবার বিদেশী রসুনের আমদানি এ সপ্তাহে কমে যাওয়ায় দাম বেড়েছে।