বার্ড ফ্লুর আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি করবে জাতিসংঘ নেতৃত্বাধীন জোট
বার্ড ফ্লু আক্রান্ত বন্য পাখির আগমন সম্পর্কে সংশ্লিষ্ট দেশকে সতর্ক করতে বার্ড ফ্লুর আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে জাতিসংঘের অঙ্গসংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, এ ব্যবস্থা তৈরিতে আর্থিক সহায়তা প্রদান করবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)। অতিথি পাখিরা কখন কোথায় যায় সে সম্পর্কে সংস্থাটি বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে সতর্ক করে দেবে। কনভেনশন অব মাইগ্রেটরি স্পেসিজ (অতিথি পাখি কনভেনশন) এ উদ্যোগ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওয়াল্ডলাইফ অ্যান্ড গেইম ফেডারেশনের মতো শীর্ষ সংস্থার বিশেষজ্ঞগণ এ প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
এ প্রকল্পের আওতায় আলাদাভাবে প্রতিটি দেশের হ্্রদ, জলাশয় ও অন্যান্য নিুভূমি যেখানে অতিথি পাখিরা যেতে পারে সেগুলোর একটি সংক্ষিপ্ত মানচিত্র তৈরি করা হবে।
জাতিসংঘ আশা প্রকাশ করছে, গৃহপালিত পাখির মধ্যে যাতে আক্রান্ত বন্য পাখির ভাইরাস সংক্রামিত হতে না পারে সেজন্যে আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকা মহাদেশে বিদ্যমান স্বাস্থ্য ও পরিবেশবাদী সংগঠনগুলো গৃহপালিত পাখিকে এসব জলাশয় থেকে দূরে রাখতে পোল্ট্রির মালিকদেরকে সতর্কীকরণসহ বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেবে।
ইউএনইপি’র নির্বাহী পরিচালক ক্লাউজ টোয়েফার বলেন, অতিথি পাখিরা যেসব স্থানে চলাচল করে সেসব স্থান সম্পর্কিত তথ্য বিভিন্ন সংগঠনের মধ্যে ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, ভয়াবহ এ রোগের হুমকি মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন খুবই জরুরী।
