আইএমএফ’র নীতি বাংলাদেশের জন্য ফলপ্রসূ নয়: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার সফররত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলকে বলেছেন, তাদের নীতি বাংলাদেশের জন্য ফলপ্রসূ নয়।
মন্ত্রী আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে সাংবাদিকদের বলেন, আইএমএফ’র নীতি বাংলাদেশে ফলপ্রসূ হচ্ছে না। বরং আমাদের নিজস্ব নীতিই বেশি কার্যকর মনে হচ্ছে।
তিনি বলেন, আইএমএফ বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বাংলােেদশের অর্থ ব্যবস্থাপনার পরিবর্তন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং তেল ও গ্যাসের মূল্য বাড়াতে সরকারকে চাপ দিচ্ছে। কিন্তু এ মুহূর্তে এটা সম্ভব না।
আইএমএফ আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য চাপ দিয়ে যাচ্ছে। যদিও এর আগে তারা এলসি মার্জিন নমনীয় করে আমদানি বাড়ানোর কথা বলেছিল। অর্থ মন্ত্রাণালয়ে পোভার্টি রিডাকশন গ্রোথ ফ্যাসিলিটি (পিআরজিএফ) পোগ্রাম’র বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
আইএমএফ’র উপদেষ্টা টম রমবাগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সময়ে আইএমএফ প্রতিনিধি দল ব্যাংক ব্যবস্থার আধুনিকায়ন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, পূবালী ব্যাংকের বেসরকারিকরণ, দুর্নীতি দমন কমিশন সচল ও কর ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা করে।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চলমান সংস্কারের ওপর ৯ কোটি ৮৫ লাখ ডলারের পিআরজিএফ’র চতুর্থ কিস্তির ঋণ ছাড় নির্ভর করছে বলে আইএমএফ কর্তৃপক্ষ জানান।
সাইফুর রহমান বলেন, দাতাদের পরামর্শে নয় বরং নিজস্ব নীতির কারণে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার জন্য তিনি দাতাদের দায়ী করে বলেন, এলসি মার্জিন নমনীয় করায় আমদানি বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী স্বীকার করেন, আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ৬০ কোটি মার্কিন ডলার শোধ করায় দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে রয়েছে।
তিনি বলেন, দাতাগোষ্ঠী বিশেষত আইএমএফ’র কথামতো তিনি বাংলাদেশে ব্যাংকে স্বায়ত্বশাসন দিয়েছেন। এখন অর্থ ব্যবস্থাপনা কঠোর করাসহ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারে আমার বলার জায়গা খুবই সীমিত।
অর্থনীতির ওপর চাপ এড়াতে আইএমএফ তেল ও গ্যাসের মূল্য বাড়াতে বলেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি এটা করতে পারছি না।
বুধবারের বৈঠকে আইএমএফ কর প্রশাসনে আবারও সংস্কার, রাষ্ট্রায়াত্ত ব্যাংকের বেসরকারিকরণ, রাষ্ট্রায়াত্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোতে সংস্কার ও বিনিয়োগের উদারীকরণের পরামর্শ দিয়েছে।
