২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাউজিং কোম্পানির মাধ্যমে সীমিত ভূমির সদ্ব্যবহারে খোকার আহ্বান

ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বুধবার বলেছেন, দেশের সীমিত ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হাউজিং খাতের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো বিশেষ করে রিহ্যাব এগিয়ে আসতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ ব্যাপারে সরকারের খুব একটা ভূমিকা পালন করার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা শেরাটন হোটেলে বুধবার রিহ্যাব মেলা ২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া রাজউক প্রকল্প বাস্তবায়নে যাতে দীর্ঘ সময় না লাগে সেজন্য একটি নীতিমালা প্রণয়ন করার কথাও তিনি উল্লেখ করেন। তবে রাজউকের অনুমোদন পেতে কমপক্ষে ১৭ জন কর্মকর্তার স্বাক্ষর দরকার হওয়ায় প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

গ্রাহকদেরকে ভালমানের সেবা প্রদানের জন্যে মেয়র খোকা হাউজিং কোম্পানিগুলোকে তাদের কিস্তি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান।

রিহ্যাব সভাপতি ড. তৌফিক এম সিরাজ বলেন, হাউজিং প্লটের ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে এবং হাউজিং খাতের সাথে জড়িত অনেক শিল্প প্রসার লাভ করেছে।

তিনি সচিবালয়, আদালত, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ভবন ভূমিকম্প প্রতিরোধক করে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও তিনি ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগর উন্নয়ন প্রকল্প বেসরকারি খাতে হস্তান্তরের সুপারিশ করেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিহ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এসএ খালেক এমপি, গৃহায়ণ ও গণপূর্ত সচিব ইকবালউদ্দিন চৌধুরী, রিহ্যাব মেলা কমিটি আহ্বায়ক ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল প্রমুখ।

৯৪ টি ডেভেলপারসহ মোট ১০১ টি সংস্থা এ মেলায় অংশ নিয়েছে। ৫০ টাকার টিকিটের বিনিময়ে মেলা সকলের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।