বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমাতে বললেন সাইফুর রহমান
উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদান প্রদান অনুষ্ঠানে বুধবার তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা যদি আমাদের নিজস্ব তহবিলের সাহায্যে উন্নয়ন প্রকল্পগুলো পরিচালনা করতে পারি তাহলে বহু হয়রানি ও শর্ত থেকে মুক্তি পাব।
অর্থমন্ত্রী বলেন, এনজিওগুলোর তহবিল সংগ্রহের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা থাকা দরকার। তাছাড়া বৈদেশিক ঋণের ওপর তাদের নির্ভরশীলতা কমানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
দারিদ্র্য বিমোচনে কাজ করা ছোটখাটো এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিল (অনুদান) সংগ্রহের প্রবাহ সৃষ্টি করতে সরকার ২০০৪ সালে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।
সরকার এ ফাউন্ডেশনের আয়-বৃদ্ধি তহবিলে ১০০ কোটি টাকা অনুদান এবং কার্যক্রম শুরুর জন্য অতিরিক্ত আরও দুই কোটি টাকা প্রদান করে।
প্রথম পর্যায়ে, ৪৫ টি জেলার মোট ৫৮ টি এনজিওকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
সাইফুর রহমান এ সকল এনজিওকে দেশের সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে তাদের কর্মসূচি পরিচালনারও আহ্বান জানান।
এনজিওর অজ্ঞাত তহবিল সংগ্রহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এনজিওগুলো অজ্ঞাত তহবিলের ব্যাপারে আমার মতামতের বিরোধীতা করেছিল। কিন্তু বিদেশি সংস্থাগুলো যখন এর পরিমাণ বাড়িয়ে দিল তখন তারা চুপ হয়ে গেল।
এনজিও এবং সরকারের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকদের হয়রানি না করে ঋণ প্রদানে কৃষি ব্যাংক ব্যর্থ হয়েছে। এটি দেশের কৃষি বাণিজ্য বৃদ্ধিতেও ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী বলেন, কৃষি ব্যাংক যেহেতু দরিদ্র কৃষকদের সাহায্য করতে পারছে না তাই তাদের অতিরিক্ত ঋণ প্রদান সংক্রান্ত কাজে এনজিওর কার্যক্রমকে আমরা স্বাগত জানাব।
তিনি বলেন, কৃষি ব্যাংক থেকে কৃষকদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে অনেক সময় লাগে, কিন্তু এনজিওতে এটি হয় না।
