‘ইরান এক্সপো ২০০৫’ শুরু হয়েছে
মাসাদ ইন্টারন্যাশনাল একজিবিশনস কোম্পানির উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ইরান এক্সপো ২০০৫’।
হোটেল সোনারগাঁও এ মেলার উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, ইরানী রাষ্ট্রদুত এম বাহেস্তি, মাসাদের কান্ট্রি ডিরেক্টর আলী রেজা হোসেন প্রমূখ।
বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে ইরানে পাটজাত দ্রব্য, চা, রাসায়নিক পণ্য, গার্মেন্টস পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানি করছে এবং ইরান থেকেও বাংলাদেশ হস্তশিল্প, ভেজিটেবল পণ্য, প্লাস্টিক পণ্য, যন্ত্রপাতিসহ অনেক পন্য আমদানি করে। গত বছর বাংলাদেশ ৪৪.৭৩ মিলিয়ন ডলার রপ্তানি আয় করে এবং আমদানি করেছে ২৩.৪১ মিলিয়ন ডলার।
তিনি বলেন, ইরানী পণ্য কেবল বাংলাদেশেই নয় বিশ্বে অনেক দেশেই জনপ্রিয়।
তিনি আরও জানান, বাংলাদেশী পণ্যের মেলাও ইরানে হয়ে থাকে। এ কারণেই দুদেশের মধ্যে বানিজ্য দিনকে দিন বড়ছে।
তিনি জানান, বাংলাদেশ ও ইরান কয়েক মাস আগে দ্বি পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি দুদেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এম বাহেস্তী বলেন, ইরান বাংলাদেশে তাদের আমদানি ও রপ্তানি বানিজ্য জোরদার করতে চায়। তিনি আরও বলেন, এ মেলায় প্রদর্শিত পণ্য বাংলাদেশী জনগণের মন জয় করতে পারবে। মান ও গুনের বিচার করে আকর্ষণ করবে বাংলাদেশী ব্যবসায়ীদের।
