২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি শুল্ক হ্্রাস করতে বিশ্বব্যাংকের আহ্বান

সরকারের প্রতি আমদানি শুল্ক হ্রাসের আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক বলেছেন, ধীরে ধীরে শুল্ক হার কমানো না হলে স্থানীয় শিল্প কারখানাগুলোর পক্ষে ভবিষ্যতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রোববার ‘বাংলাদেশে বেসরকারি খাত উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করে তিনি বলেন, বিশ্বে বাংলাদেশই সবচেয়ে বেশি শুল্ক-সংরক্ষিত দেশ। এখন শুল্ক কমানোই সরকারের মূল এজেন্ডা হওয়া উচিত।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ আলোচনা সভার আয়োজন করে। বিসিআই প্রেসিডেন্ট একে আজাদ এতে সভাপতিত্ব করেন।

ক্রিস্টিন ওয়ালিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

আমদানি শুল্ক কমানোর প্রতি তার অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, হঠাৎ করে বেশিরভাগ শুল্ক তুলে দেওয়া হলে দেশটি ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আবার উচ্চ শুল্ক হারের কারণে বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের উচ্চ শুল্ক হারের কারণে সীমান্তে চোরাচালান বাড়ছে। বাংলাদেশের সামগ্রিক আমদানির ৩০ শতাংশ চোরাচালানের মাধ্যমে হয়ে থাকে বলে তিনি মন্তব্য করেন।

তবে টিকা দান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ইস্যু ও কর্মজীবী নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক খাতের সফলতায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, এসব খাতে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

গত ১৫ বছর ধরে স্থিতিশীল বিনিময় হার, মুদ্রাস্ফীতি দুই অঙ্কে না পৌঁছানো এবং প্রবৃদ্ধির হার ৫ শতাংশ বজায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ও সামষ্টিক অর্থনীতির চিত্র সন্তোষজনক, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে খারাপ।

বিনিয়োগ পরিবেশের ব্যাপারে ক্রিস্টিন ওয়ালিক বলেন, দুর্বল অবকাঠামো ও বিদ্যুৎ স্বল্পতাই বিনিয়োগের ভাল পরিবেশ সৃষ্টিতে প্রধান বাধা। তিনি আরো বলেন, তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘসূত্রিতার কারণে এ খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি জরুরীভিত্তিতে একটি কেন্দ্রীয় বন্ডেড ওয়্যূারহাউজ স্থাপনের ওপর জোর দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপ-প্রধানমন্ত্রী জামালউদ্দিন, সাবেক অর্থ উপ-মন্ত্রী ফকরুল ইসলাম মুন্সী, এফবিসিসিআই পরিচালক রউফ চৌধুরী, গণস্বাস্থ্যের এমডি তরুণ চক্রবর্তী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মনজুর আহমেদ ও কর্নেল (অব.) ফারুক খান এমপি।