ট্রানজিট ও নির্ধারিত সময়ে সাফটা বাস্তবায়ন সুপারিশের মধ্য দিয়ে শেষ হলো সার্ক কনক্লেভ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ট্রানজিট ও বন্দর সুবিধা প্রদান, সময়মতো সাফটা বাস্তবায়ন এবং ব্যবসায়ী, সাংবাদিক এবং শিল্পীদের ভিসামুক্ত যাতায়াত নিশ্চিত করার সুপারিশ গ্রহণের মধ্য দিয়ে শুক্রবার রাতে নয়া দিল্লিতে শেষ হয়েছে সার্ক বিজনেস কনক্লেভ।
কনক্লেভের ঘোষণা পাঠ করেন সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ ম্যাকি হাসিম। তিনি বলেন, সদ্য সমাপ্ত ১৩ তম সার্ক সম্মেলন থেকে রাজনৈতিক দিক নির্দেশনা এসেছে। এর ফলোআপ হিসেবে ব্যবসায়ীদের সম্মেলন সার্ক অঞ্চলের বাণিজ্য উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের উপর গুরুত্ব আরোপ করে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে বাংলাদেশ থেকে ৩১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির আহমেদ। উপ দল প্রধান ছিলেন এফবিসিসিআই সহ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ। অন্যান্যের মধ্যে অংশ নেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমান, সাবেক সচিব ফারুক সোবহান, এফবিসিসিআই এর সাবেক পরিচালক গোলাম মোরতজা।
কনক্লেভ সম্পর্কে মীর নাসির বিডিনিউজকে বলেন, আগামী ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর করার ব্যাপারে এ সভায় গুরত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আশা করি আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সাফটা চালুর ব্যাপারে তিনটি বাধা দূর করার প্রশ্নে ঐক্যমতে আসা সম্ভব হবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিভাবে প্রযুক্তিগত উন্নয়ন করা যাবে এ উপস্থাপনার মধ্য দিয়ে শুক্রবারের অধিবেশন শুরু হয়। এর পর অবকাঠামো, এনার্জি এবং উন্নয়ন নিয়ে কিভাবে বাধা দূর করা যায় তা নিয়ে কথা বলেন সার্ক বাণিজ্য নেতারা।
এতে আর্কষণীয় সেশন ছিল সাউথ এশিয়া সফট পাওয়ার। এ বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী রুনা লায়লা, পাকিস্তানের অভিনেত্রী মীরা এবং ভারতের প্রখ্যাত অভিনেত্রী পূজা ভাট।
তারা বলেন, রাজনীতি অনেক হয়েছে। এবার সবার জন্যে কাজ করার সময়। তারা বলেন, সার্ক দেশগুলোতে গুডউইল অ্যাম্বাসেডর ব্যবস্থা চালু করা উচিত। এর ফলে দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে ।
রুনা লায়লা বিডিনিউজকে বলেন, আমি বিশ্বাস করি এ সম্মেলনে শিল্পীদের উপস্থিতি রাজনীতিকদের প্রভাবিত করতে ভূমিকা রাখবে।
