২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ব বাজারেও শুঁটকি মাছের ব্যাপক চাহিদা

বাংলাদেশসহ বিশ্ব বাজারে শুঁটকি মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে সচরাচর যেসব শুঁটকি মাছ কিনতে পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই সামুদ্রিক মাছের শুঁটকি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বঙ্গোপসাগরে মাছের সহজলভ্যতার কারণে দেশে শুঁটকি মাছও সহজলভ্য হয়ে উঠেছে।

সমুদ্রের তলদেশে মাছগুলো যেমন-কোরাল, লালপোয়া, ফলিচাঁদা, লইট্যা, রূপচাঁদা, ছুরি, লাক্ষ্যা, সাদাদাতিনাসহ চিংড়ি, কাঁকড়া ও ঝিনুকেরও কিছু কিছু শুঁটকি হয়।

মৎস্য বিভাগ সূত্র জানায়, দেশের উপকূলীয় এলাকাসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাটি, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে প্রায় দশ হাজার মেট্রিক টন শুঁটকি মাছ আহরণ করা হয়।

এই ১১ জেলার বাসিন্দারা কমবেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৎস্য সম্পদ আহরণের সাথে যুক্ত। এসব শুঁটকি ব্যবসায়ীরা গড় হিসেবে প্রায় দশ হাজার মেট্রিক টন মাছ আহরণ করে। এরমধ্যে চিংড়ি জাতীয় ৩৬ শ’ মেট্রিক টন, ইলিশ তিন হাজার মেট্রিক টন, বাগদা চিংড়ির পোনা ২৬ কোটি আহৃত হয়। এই বিপুল পরিমাণ মাছ স্থানীয় চাহিদার চেয়ে অনেক বেশি।

মৎস্য বিভাগ সূত্র জানায়, দেশে উৎপাদিত শুঁটকির প্রায় ৯০ শতাংশই আসে সমুদ্র থেকে। বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচ হাজার মেট্রিক টন।

এর মধ্যে প্রায় এক থেকে দেড় হাজার মেট্রিক টন শুঁটকি বিদেশে রফতানি হয়ে থাকে এবং বাকি অংশ বিক্রি হয় দেশের বাজারে।

সাগরের দ্বীপমালায় মাসের পর মাস অপেক্ষা করে যে মৎস্য সম্পদ আহৃত হয়, তা তাৎক্ষনিকভাবে বাজারজাতকরণেও নানাবিধ সমস্যা রয়েছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে গভীর সমুদ্র থেকে আহৃত মৎস্যরাজি ডাঙ্গায় এনে শুঁটকি করা হয়।

স্থানীয়রা অভিযোগে জানায়, বিশ্বের বিভিন্ন বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না।

উপকূলীয় এলাকা থেকে আহৃত মাছের ১০ শতাংশও সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। মাছ রাখার কোন সুব্যবস্থা না থাকায় মাছ ব্যবসায়ীদের শুঁটকি করতেই হয়।