২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধারণা নিয়ে ব্যবসায়িক প্রস্তাব তৈরির বিশেষ প্রতিযোগিতার উদ্যোগ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বাংলালিংক যৌথভাবে বিজলিংক ’০৫ নামে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্রদের এক প্রতিযোগিতার আয়োজন করেছে। এআইইউবি তাদের এক দশক পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্ররা দলগতভাবে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনা হতে হবে মুনাফাভিত্তিক ও বাস্তবসম্মত। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০হাজার টাকাসহ মোট তিনটি দলকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানের হোটেল লেক শোর’এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ প্রতিযোগিতা থেকে অনেক নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা পাওয়া যাবে। এবং বিশ^বিদ্যালয় পড়ুয়া তরুণদের ব্যবসায়িক মেধা উদ্ভাবনে সহায়তা করবে। সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয় তরুণদের উদ্বাবিত ব্যবসায়িক পরিকল্পনা উদ্যোক্তাদের নতুন নতুন ব্যবসা শুরু করতে সহায়তা করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইইউবি’র ভাইস চ্যান্সেলর কারমেন জেড. লামাগনা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আনোয়ারুল আবেদিন, বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর ওমর রশিদ, চ্যানেল আই’র নির্বাহী পরিচালক এহসানুল হক, এআইইউবি’র সহকারী অধ্যাপক এবং প্রতিযোগিতার সমন্বয়কারি এহসানুর হক চৌধুরী প্রমুখ।

বিজলিংক ’০৫ প্রতিযোগিতা দুপর্বে বিভক্ত থাকবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এআইইউবি ক্যাম্পাসে এবং অংশগ্রহণের জন্যে আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে প্রতিটি দল ২০ নভেম্বরের মধ্যে তিন পৃষ্ঠার একটি প্রস্তাবনা জমা দেবে। এর মধ্যে থেকে বিচারকরা সেরা দশটি প্রস্তাবনা চুড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করবেন। চুড়ান্ত পর্বে নির্বাচিত সেরা দশটি গ্রুপ তাদের প্রথম প্রস্তাবনার ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রস্তাবনা পেশ করবে ২৫ নভেম্বরের মধ্যে। এখান থেকে সেরা দলকে পঞ্চাশ হাজার টাকা, প্রথম রানার আপকে পচিশ হাজার টাকা এবং ২য় রানার আপকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।