হংকং বৈঠকের এজেন্ডা নির্ধারণে বাজার প্রবেশাধিকার, শুল্ক হ্রাসে অঙ্গীকার না করা এবং অবাধ শ্রম বাজারের ওপর গুরুত্বারোপ
হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচকরা বাণিজ্য সমঝোতায় সরকারের এজেন্ডা নির্ধারণে বাজারে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার, শুল্ক হ্রাসে অঙ্গীকার না করা এবং অবাধ শ্রম বাজারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে ‘বিশ্ব বাণিজ্যের অসম ব্যবস্থা : চাপিয়ে দেয়া উদারীকরণ চলবে না’ শীর্ষক আলোচনার আয়োজন করে পিপলস ফোরাম অন এমজিডি এবং সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
বক্তারা স্বল্পোন্নত দেশসমূহের জন্য বিশেষ ও পৃথক ব্যবস্থা, অগ্রাধিকার বিনষ্টের ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রক্রিয়া চালু এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে বাইরে ট্রেড ফ্যাসিলিটেশনে কোন অঙ্গীকার না করার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জি এম কাদের, কর্নেল (অব.) ফারুক খান, আসাদুজ্জামান নূর, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ চৌধুরী, ট্যারিফ কমিশনের শরিফা খান এবং শ্রমিক নেতা আবুল হোসাইন।
আবুল মুহিত বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন না থাকলে বাণিজ্য ব্যবস্থার উন্নয়ণ সম্ভব নয়। একই সঙ্গে ডাব্লিউটিও আলোচনায় বিশেষ ও পৃথক ব্যবস্থার প্রতি সর্বোচ্চ জোর দেওয়ার মাধ্যমে স্বল্পোন্নত দেশের জন্য বাজার সংরক্ষনের ওপর গুরুত্ব আরোপ করা উচিত।
তিনি বলেন, বাণিজ্য সমঝোতায় সঙ্গে অভ্যন্তরীন উন্নয়নের প্রতি দৃষ্টি রাখা দরকার। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর লক্ষ্যে রপ্তানিমুখী কার্যক্রম গ্রহন করা উচিত।
অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ক্যামপ্রি’র রাশেদা কে চৌধুরী এবং প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্র’র মো. শামছুদ্দোহা।
বাণিজ্য সমঝোতা অদক্ষতার উল্লেখ করে সোহেল আহমেদ বলেন, সচিব হওয়ার পর উরুগুয়ে রাউন্ডের শেষ আট বছরের কোন কাগজপত্র পাইনি। এমনকি কানকুন থেকে এখনও পর্যন্ত সমঝোতা দক্ষতার তেমন কোন উন্নয়ন ঘটেনি। দশ বছরের দাবির প্রেক্ষিতে ২০০৩ সালে সরকার ডাব্লিউটিও সেল গঠন করেছে।
পশ্চিমা বিশ্বের তৃতীয় শ্রেণীর বিশেষজ্ঞরা দেশে আসে বলে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি সহায়তার ক্ষেত্রে সক্ষমতার যে উন্নয়ন ঘটেছে, তার বেঞ্চমার্ক নির্ধারণ করার ব্যাপারে প্রস্তাব রাখা দরকার।
সাবেক সচিব বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্য বিষয়ক কোন গবেষনা ও সমীক্ষা নেই। এমনকি সরকারি বেসরকারি যৌথ সহায়তার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটও কার্যকর করা যায়নি।
শরিফা খান বলেন, ঢাকা ঘোষণা এবং লিভিং স্টোন ঘোষণার সঙ্গে আগামী হংকং মিটিংয়ে সরকারের অবস্থানের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। তবে বাণিজ্য সমঝোতায় কিভাবে দেশের এজেন্ডা বাস্তবায়িত হবে তা-ই গুরুত্বপূর্ণ।
নীতিমালার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ডাব্লিউটিও’র সমঝোতায় যা অর্জিত হয়েছে, সেই স্বার্থও বিশ্ব ব্যাংক ও আইএমএফ’র চাপে সরকার বাস্তবায়িত করতে পারেনি।
রেদোয়ান আহমেদ বলেন, বেসরকারি সহায়তা ছাড়া সরকার ডাব্লিউটিও’র এজেন্ডা নিধারণ করতে পারে না।
ফারুক খান বলেন, এসব ব্যাপারে আলোচনা সংসদে করা হয় না। ফলে সংসদ সদস্যরা এক্ষেত্রে অজ্ঞ থাকেন।
জি এম কাদের বলেন, সরকার কোন গবেষণা ছাড়াই ধারণা প্রসূত হয়ে বাণিজ্য সমঝোতা চালিয়ে যাচ্ছে।
আবুল হোসাইন বলেন, কৃষি বর্হিভূত পণ্যের বাজার সুবিধার (নামা) প্রভাবে গার্মেন্টস শিল্পের পাশাপাশি নারী শ্রমিকের জীবিকা নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হবে।
