২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি ব্যবস্থাপনার ফলে ফুলবাড়ি কয়লা খনির চারপাশে পর্যাপ্ত পানি পাওয়া যাবে: বিশেষজ্ঞ

একজন বিশিষ্ট পানি-ভূতত্ত্ববিদ বলেছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রস্তাবিত ফুলবাড়ি কয়লা ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির খনি উন্নয়ন করা হলে এই অঞ্চলের শহর ও গ্রাম এলাকায় পানি ব্যবস্থাপনার মাধ্যমে পর্যাপ্ত মিঠা পানি সরবরাহের নিশ্চয়তা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 04:33 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

অষ্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডঃ লেন ড্রুরি বলেন, জলবায়ু ও ভূ-তাত্ত্বিক বিভিন্নতার পরিবেশে বিশ্বের বৃহৎ উন্মুক্ত পদ্ধতির খনি গুলোতে সফলভাবে পানি নিষ্কাশনের কাজ করা সম্ভব হয়েছে। ফুলবাড়িতেও পানি ব্যবস্থাপনার নিশ্চয়তা প্রদান করা সম্ভব হবে। এর ফলে ফুলবাড়ি এলাকায় পানি সরবরাহে কোন অভাব তো হবেই না, বরং আরও অনেক উদ্বৃত্ত পানি থাকবে।

ডঃ ড্রুরি এশিয়া এনার্জি’র ফুলবাড়ি কয়লা প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব নিরূপন বিষয়ক সমীক্ষা দলের প্রধান হিসেবে কাজ করেছেন। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক সমিতি আয়োজিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খনি দেয়ালের দৃঢ়তা নিশ্চিত করা ও খনির শ্রম নিরাপত্তা নিশ্চয়তা বিধানে ফুলবাড়ির ভূ-গর্ভস্থ পানির স্তর খনি খাদের তলদেশে নামিয়ে আনতে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ প্রায় ৬,০০০ লিটার পানি উত্তোলনের জন্য ৮০ থেকে ১০০ টি পানি নিষ্কাশন নলকূপ প্রয়োজন হবে।

ডঃ ড্রুরি বলেন, নিষ্কাশিত পানির অধিকাংশই স্থানীয় কাজে ব্যবহার করা হবে। ফুলবাড়িতে খাবার পানি হিসেবে, কৃষি কাজে (বছরে তিন ফসলের জন্য পর্যাপ্ত পানি), খনির আওতার বাইরের এলাকায় ভূ-গর্ভের পানির স্তরে উত্তোলিত পানি পুনরায় প্রেরণের জন্য, ভাটি অঞ্চলে পানি ব্যবহারের জন্য (পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে) এই পানি সরবরাহ করা হবে। অতিরিক্ত পানি ছোট যমুনা নদীতে প্রবাহিত করা হবে।

তিনি আরও বলেন, সারা বছরই প্রকল্পটিতে অতিরিক্ত পানি থাকবে। তা ছাড়াও বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পরিশোধিত পানি আশে-পাশের জলাশয়গুলোতে প্রবাহিত করার প্রয়োজন হবে।

লন্ডন ভিত্তিক এশিয়া এনার্জি পি এল সির বাংলাদেশ সাবসিডিয়ারী এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রোঃ লিঃ, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হতে বছরে ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী এখানে ৫৭২ মিলিয়ন টন উন্নত বিটুমিনাস জাতীয় কয়লার মজুদ নির্ধারণ করেছে।