২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে ১৭ ও ১৮ নভেম্বর সার্ক ব্যবসায়ী নেতৃবৃন্দের দু’দিনব্যাপী কনভেক

দক্ষিণ এশীয় ব্যবসায়ীদের দু’দিনব্যাপী এক কর্মসূচি ১৭ ও ১৮ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

‘সার্ক ব্যবসায়ী নেতৃবৃন্দের কনকেভ : সাউথ এশিয়া রিজিওনাল ইন্টিগ্রেশন এন্ড গ্রোথ’ শীর্ষক এ কর্মসূচি অয়োজন করেছে ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। আয়োজনে সহায়তা করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং কনকেভের উদ্বোধন করবেন।

নয়াদিলীতে অনুষ্ঠেয় এ কনভেক এবং সার্ক চেম্বারের কার্যনির্বাহী সভায় যোগ দিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে ফেডারেশনের ৩১ সদস্যবিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল বুধবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন অনুষ্ঠানের তৃতীয় অধিবেশনে ‘দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ পরিবেশ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।

সার্ক অঞ্চলের বেসরকারি খাত তথা এফআইসিসিআই এবং অন্যান্য সার্ক সদস্যদেশগুলোর শীর্ষ চেম্বারগুলোকে নিয়ে এ আয়োজন। সার্ক ব্যবসায়ী নেতৃবৃন্দের এই কনকেভ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক একত্রীকরণের স্বপ্ন পূরণের পথে সার্ক অঞ্চলের বেসরকারি খাতের একটি উদ্যোগ।

আয়োজকরা আশা করছেন, এ কনকেভের মাধ্যমে সরকার, ব্যবসায়ী সম্প্রদায় এবং কূটনৈতিক ও উন্নয়ন গোষ্ঠীসমূহ দক্ষিণ এশিয়ার উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্যদূরীকরণের ক্ষেত্রে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করতে পারবে।

অনুষ্ঠেয় কনকেভের লক্ষ্য হচ্ছে, বিশ্বে সার্ক অঞ্চলের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের দারিদ্র্য মুক্তি এবং একটি অভিন্ন দক্ষিণ এশীয় বাজার, একক মুদ্রা ও ইউরোপীয় ইউনিয়নের মত দক্ষিণ এশীয় ইউনিয়ন গঠনের জন্যে সদস্য দেশগুলোকে প্রস্তুত করে তোলা।

এছাড়া উচ্চ আন্তঃআঞ্চলিক বিনিয়োগ, বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যে দক্ষিণ এশিয়াকে একটি কমন বিনিয়োগ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও এ অঞ্চলের বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে সামাজিক দায়িত্ব বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করাও এ কনকেভের উদ্দেশ্য।

কনভেকে যোগদানের কারণে এফবিসিসিআই সভাপতির অনুপস্থিতিতে এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী সভাপতির দায়িত্ব পালন করবেন।