শেরপুর-জামালপুর ফেরি চলাচলে অচলাবস্থা
পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে নাব্যতা সংকট ও ফেরির ইঞ্জিন বিকল হওয়ার কারণে শেরপুর-জামালপুর ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
ফেরি চলাচলে অচলাবস্থার কারণে ফেরি পারাপারে পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। আর ফেরি পারাপার হতে আসা যাত্রী সাধারণ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা নানা দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে শেরপুর-জামালপুর ফেরিঘাট পরিদর্শনে দেখা যায়, পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে পানির স্রোত কমে যাওয়া ও অসংখ্য চর জেগে উঠার কারণে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ জন্য অনেক পথ ঘুরে ফেরি চলাচল করছে। আগে দশ মিনিটের স্থলে এখন ফেরি পারাপার হতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা।
অপরদিকে জোড়াতালি দিয়ে সক্রিয় একমাত্র ফেরিটি যে কোনও সময় অচল হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জানা যায়, শেরপুর-জামালপুর ফেরিঘাটের তিনটি ফেরির মধ্যে দু’টি আগেই বিকল হয়ে গেছে। সম্প্রতি খুড়িয়ে খুড়িয়ে চলা ১৬ নম্বর ফেরি ইঞ্জিনের দু’টি গিয়ার বক্স ভেঙ্গে যায় ও হাইড্রলিক পাইপ বিস্ফোরিত হয়। তখন ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফেরি বন্ধ থাকার কারণে উভয় পাড়ে সার বোঝাই ট্রাক, পণ্যবাহী মোটর যান ও যাত্রীবাহী শতাধিক যানবাহন আটকা পড়ে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৬ সালে শেরপুর-জামালপুর ফেরিঘাটে যানবাহন পারাপারে জন্য ইঞ্জিন-চালিত ফেরি সার্ভিস চালু হয়। এ পর্যন্ত বিকল হওয়া দু’টি ফেরিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ফেরিঘাটের কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো ফেরির ইঞ্জিন থেকে যন্ত্রাংশ খুলে সচল ফেরিটি আপাতত চালু রাখা হয়েছে। এ কারণে একমাত্র ফেরিটি যে কোন সময় অচল হয়ে যেতে পারে বলে তারা স্বীকার করেছেন।
কর্মকর্তারা শেরপুর-জামালপুর ফেরির ইঞ্জিন মেরামতে সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি ও উদাসীনতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। অথচ শেরপুর, জামালপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে এই ফেরি সার্ভিসটির গুরুত্ব অপরিসীম।
পাশাপাশি কামালপুর স্থলবন্দরের কয়লা, পাথর ও সার পরিবহন এবং বাংলাদেশ রাইফেল্সের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের বিস্তৃত সীমান্ত এলাকার প্রতিরক্ষা সড়ক যোগাযোগের জন্যও ফেরি সার্ভিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শেরপুর-জামালপুর ফেরি সার্ভিসের ইজারাদার রতন কুমার নিয়োগী বিডিনিউজকে বলেন, সওজ কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার প্রেক্ষিতে নানা সমস্যায় জর্জরিত ফেরি সার্ভিস মালামাল পরিবহন ও সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। তিনি সম্পূর্ণরূপে ফেরির ইঞ্জিনটি মেরামত করার দাবি জানান।
