২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা চুক্তিতে সেবা খাতকে অন্তর্ভূক্ত করতে হবে : খালেদা জিয়া

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বছরের শুরুতে কার্য়কর হতে যাওয়া সাফটা চুক্তিতে সেবা খাতের অন্তর্ভূক্তির ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার সার্কের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, অনানুষ্ঠানিক পর্যায়ে সেবা খাতের বাণিজ্য ক্রমবর্ধমান হারে সম্প্রসারিত হচ্ছে।

তিনি বলেন, পর্যটক, তীর্থযাত্রী, ছাত্র, স্বাস্থ্য সেবা নিতে এবং অনেক পেশাজীবীই ইতোমধ্যেই সীমানা অতিক্রম করে এক দেশ থেকে অন্য দেশ আসা যাওয়া করছেন। এর মাধ্যমে সব দেশই লাভবান হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগ এবং সর্বোপরি সেবার মানের উন্নয়ন এই খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা পালন করতে পারে।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অগ্রবর্তী অর্থনৈতিক সহযোগিতার জন্যে তিনি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার সুপারিশ করেন।

তিনি বলেন, প্রতিটি সার্ক সম্মেলনের আগে বাণিজ্যিক সম্মেলন আয়োজন করা যেতে পারে। এক্ষেত্রে অর্থ ও বাণিজ্য মন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিনিয়োগ বোর্ড, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনৈতিক নীতি সংক্রান্ত প্রতিষ্ঠান এবং মিডিয়াকে এক কাতারে নিয়ে আসতে পারে। আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সার্ক চেম্বার এ ধরনের ফোরাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।