২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ নভেম্বর গণখাতের ক্রয় সংক্রান্ত আইন ২০০৫ চূড়ান্ত হতে পারে

গণখাতের ক্রয় সংক্রান্ত আইন, ২০০৫ এর খসড়া ১৪ নভেম্বর চুড়ান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শুক্রবার গণখাতের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এর আগে প্রস্তাবিত গণখাতের ক্রয় সংক্রান্ত আইন, ২০০৫ পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্ব ৫ সদস্যের কমিটি গঠিত হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত শুক্রবার পর্যালোচনা কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসন, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার এবং অর্থ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদারসহ মন্ত্রী পরিষদের সচিব।

বৈঠকে প্রস্তাবিত আইনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

এদিকে ওয়াশিংটনে ১৮ নভেম্বরে বিশ্বব্যাংকের বোর্ডে বাংলাদেশকে তৃতীয় উন্নয়ন সহায়তা ঋণের আওতায় ২০ কোটি ডলার সাহায্য দেওয়ার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বব্যাংকের সর্বশেষ শর্ত অনুযায়ী এ ঋণ পেতে হলে সরকারকে গণখাতের ক্রয় সংক্রান্ত আইন, ২০০৫ পাশ করতে হবে।

বিশ্বব্যাংক ইতোমধ্যে দূনীর্তির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় মিউনিসিপালটি সার্ভিস প্রজেক্ট, জাতীয় পুষ্টি ও স্থাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় মোট ১ লাখ ৭৮ হাজার ডলারের তিনটি প্রকল্পের অর্থ ফেরত চেয়েছে।

পর্যালোচনা কমিটির প্রথম বৈঠকে শেষে আবদুল মান্নান ভূঁইয়া বলেন, এ তিনটি প্রকল্পের সঙ্গে জড়িত দূর্নীতিবাজদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

গত ২ নভেম্বরের মন্ত্রীসভার বৈঠকে গণখাতের ক্রয় সংক্রান্ত আইন নিয়ে প্রভাবশালী মন্ত্রীদের বিরোধের পর বৃহস্পতিবার এ পর্যালোচনা কমিটিকে ২০ নভেম্বরের মধ্যে চুড়ান্ত আইন প্রণয়নের ব্যাপারে কাজ করে যাওয়ার দ্বায়িত্ব দেওয়া হয়।