২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে স্বল্পোন্নত দেশের শ্রমিকদের অভিবাসন সংক্রান্ত আইনি পদক্ষেপ নিতে সার্কের প্রতি আহ্বান

নগরীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে শ্রমিক পাঠানো এবং সেখানে তাদের জীবন যাত্রার মানোন্নয়নে আইনি বিষয়গুলো নিয়ে সার্কের কাজ করা উচিত। কেননা পর্যাপ্ত আইনের অভাবে সেখানে তারা মানবেতর জীবন যাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বক্তারা বলেন, মাইগ্রেশন আইন সহজ করতে যে দেশ থেকে শ্রমিক পাঠানো হচ্ছে এবং যেদেশে পাঠানো হচ্ছে-উভয় দেশের জন্যই শক্ত চুক্তি দরকার। কেননা ১৮২২ সালের অভিবাসন আইন ও ১৯৮২ সালের ইমিগ্রেশন অধ্যাদেশ বিদেশের মাটিতে শ্রমিকদের অধিকার সংরক্ষণে যথেষ্ট নয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম আয়োজিত নব্য সাম্রাজ্যবাদী গ্লোবালাইজেশন ও মাইগ্রেশন শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।

তারা বলেন, সার্ক সম্মেলনের সময় সাফটার আওতায় পণ্য, বিনিয়োগ ও প্রযুক্তির অবাধ বিনিময়ের ব্যাপারে হয়ত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তাতে শ্রমিকদের অবাধ যাতায়াতের ব্যাপারে নির্দিষ্ট কোনও নীতিমালা গ্রহণ করা হবে না।

খুশি কবিরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রবাসী বাংলাদেশী শ্রমিক কল্যাণ সমিতির চেয়ারম্যান সাইদুল হক আসিফ।

বক্তারা সার্ক সম্মেলনের সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শ্রমিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্যে সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সাইদুল হক আসিফ বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতি গ্রহণ করতে বাধ্য হলেও আন্তঃসীমান্ত অতিক্রম করার ব্যাপারে কোনও সহায়তা না পাওয়ায় শ্রমিকরা এখনও ঝুঁকির সম্মুখীন।

অধ্যাপক আবুর বারকাত বলেন, কেবল বিশ্ব বাণিজ্য ইস্যু দিয়ে গ্লোবালাইজেশন বাস্তবায়িত হবে না। শ্রমিকদের অবাধ যাতায়াতের ব্যাপারে এটিকে কাজ করতে হবে।

সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি সামি বলেন, যে দেশ থেকে শ্রমিক পাঠানো হচ্ছে এবং যেদেশে পাঠানো হচ্ছে, উভয় দেশের মাইগ্রেশন এজেন্টদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশী শ্রমিকরা।

ড. হামিদা হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই নিরাপত্তাহীনতার শিকার। তিনি শ্রমিক বিনিময়ের দেশগুলোকে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।