বাজারে শিশু খাদ্য, কোমল পানীয় এবং দুগ্ধজাত পণ্যের দাম আরেক দফা বেড়েছে
ঈদের পর বাজারে বেশ কিছু প্রক্রিয়াজাত ভোগ্যপণ্যের দাম আরেকদফা বেড়েছে। ঈদ সামনে রেখে রোজার শেষদিকে যেসব পণ্যের দাম আকাশ ছুঁয়েছিলো ঈদের পর তা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
শিশু খাদ্য হিসেবে বহুল ব্যবহুত একমাত্র দ্রব্য প্রস্তুতকারক নেসলে কোম্পানি ঈদের পর বৃহস্পতিবার সকল পন্যের দাম গড়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ায়। ফলে এই দাম বেড়ে যাওয়া নিয়ে শহরে মায়েদের শঙ্কা বেড়ে যায়।
নেসলে কোম্পানি চার’শ গ্রামের নিডোর দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকায় স্থির করেছে। অন্যদিকে সেরেল্যাকের ত্রিফলার দাম প্যাকেট প্রতি ১০ টাকা বেড়ে বর্তমানে ৭০ টাকায় এবং ধান ও গম মিশ্রিত শিশু পন্যের দাম একই পরিমান বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে এক বছরের শিশুর মা শান্তা ইসলাম বলেন, সব কিছুর দাম প্রতিদিন বাড়ছে। অথচ সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। এবার শিশু খাদ্যের দাম বাড়ার পরও সরকার কি কোন ভুমিকা নেবে না।
বাজারে সকল প্রকার কোমল পানীয় এবং আইসক্রিমের দাম ঈদের আগেই উর্ধ্বগতি ছিল। এখন কোম্পানিগুলো প্রকৃত বর্ধিত দাম কার্যকর করছে। সকল কোম্পানির কোমল পানীয়র দাম লিটার প্রতি তিন টাকা, আধা লিটার দুই টাকা এবং দুই লিটার পাঁচ টাকা করে বৃদ্ধি কার্যকর করেছে।
আইসক্রিম কোম্পানি ইগলু তার চকবারের দাম ১২ থেকে ১৫ টাকা, ১০ টাকার কাপের দাম ১২ টাকা, ৮৮ টাকার আইসক্রিম ব´ ১০০ টাকা এবং ৫০ টাকার আইসক্রিম ব´ ৫৫ টাকায় খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছে।
শুক্রবাদের চিত্রা বিক্রয় কেন্দ্রের মালিক একলাসুর রহমান বলেন, ঈদের পরও দাম বাড়ার গতি থেমে নেই। বাজারে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্যের দাম বাড়ছে। এতদিন দুধের দাম বেড়েছে এখন আইসক্রিমের দাম বাড়ছে।
দুই-তিনটি আমদানিকৃত কোম্পানির গুড়া দুধের দাম প্যাকেট প্রতি দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। মূলত ঈদের আগে বাড়তি মূল্য দেখা গেলেও এখনও তা কার্যকর রয়েছে। ডানো, ডিপ্লোমা এবং সানফ্রেস ব্রান্ডের গুড়া দুধ বাড়তি মূল্য দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের।
