কর্মকর্তার ছেলের বিয়ে তাই ব্যাংক বন্ধ!
ব্যাংক কর্মকর্তার ছেলের বিয়ের কারণে সোনালী ব্যাংকের নোয়াখালীর মাইজদি কোর্ট প্রধান শাখা মঙ্গলবার বেলা ১২টা থেকে বন্ধ থাকে।
ব্যাংক চত্বরে অপেক্ষমান গ্রাহকরা জানান, প্রিন্সিপাল অফিসার আজমিরি বেগমের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে সকাল থেকে ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা প্রস্তুতি নিতে থাকেন। বেলা ১২টা বাজার সাথে সাথে বিয়ে খেতে সবাই একে একে ব্যাংক থেকে বের হয়ে যান। বিকেল ৪টা পর্যন্ত দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারি এবং একজন প্রহরী ছাড়া ব্যাংকে কাউকে পাওয়া যায়নি।
এদিকে ঈদের পরপরই হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। বিশেষ করে দিনটি বয়স্ক ভাতা দেওয়ার নির্ধারিত তারিখ হওয়ায় অনেক প্রবীণ ব্যক্তিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যেতে দেখা গেছে।
এ ব্যাপরে যোগাযোগ করতে ব্যাংকের জিএম বা এজিএম কাউকে পাওয়া যায়নি।
