২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন তুলে ধরবে বিএএসআইএস সফটএক্সপো ২০০৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস) ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় সফটএক্সপো ২০০৫ আয়োজন করতে যাচ্ছে। দেশের সৃজনশীল সফটওয়্যার পণ্য প্রদর্শনীর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ছাত্র, শিক্ষক ও পেশাদারদের নতুন নতুন সফটওয়্যার সৃষ্টিতে উদ্বুদ্ধ করা।

বিএএসআইএস-এর ভাইস প্রেসিডেন্ট টিআইএম নূরুল কবির বিডিনিউজকে বলেন, জাতির কাছে আমাদের নিজের কাজ ও উদ্ভাবনসমূহ তুলে ধরা প্রয়োজন। এছাড়াও যারা এসব সফটওয়্যার উদ্ভাবন করছে তাদেরও পরিচিতি এবং স্বীকৃতির দরকার রয়েছে।

তিনি বলেন, সফটএক্সপো ২০০৫ দর্শকদের সামনে এসব প্রতিভাধরদের তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সৃষ্টিশীল বিভিন্ন আইসিটি প্রকল্প নিয়ে কেউ ব্যক্তিগতভাবে কিংবা দলগতভাবে এ প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

নির্বাচিত কিছু প্রযুক্তি বিশেষ ব্যবস্থায় বিনামূল্যে এ প্রদর্শনীতে তুলে ধরা হবে।

নূরুল কবির বলেন, এ প্রদর্শনী তরুনদের সৃষ্টিশীলতায় আরো বেশী আগ্রহী করে তুলবে।

অংশগ্রহনেচ্ছুরা তাদের নিজ নিজ প্রকল্পের বিস্তারিত বর্ণনাসহ ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। আবেদনের সাথে প্রকল্পের কারিগরি বিষয়ের ব্যাখ্যা, এর থেকে যে সেবা পাওয়া যাবে এবং মানুষের সাথে এর সম্পৃক্ততার বর্ণনা এবং প্রকল্পের সাথে জড়িত প্রত্যেকের কারিকুলাম ভিটা জমা দিতে হবে।

প্রদর্শনীর জন্যে আলাদা ওয়েব পেজ খোলা হয়েছে: www.softexpo.com.bd/iisp

২০ ও ২১ নভেম্বর নির্বাচিত প্রকল্প জমাদানকারীদের নিজ নিজ প্রকল্প ব্যাখার জন্যে ডাকা হবে। এবং ২১ নভেম্বর অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হবে।

বার্ষিক এ প্রদর্শনীতে এবছর বিশটিরও বেশি বিদেশি ফার্মসহ প্রায় ১২৫টি কোম্পানি এ প্রদর্শনীতে অংশ নেবে বলে উদ্যোক্তারা আশা করছেন।