বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নবগঠিত বাণিজ্য চুক্তি আপটার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নববগঠিত প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট বা আপটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে চীন।
বেইজিংয়ে ২ নভেম্বর অনুষ্ঠিত এশীয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার বানিজ্য মন্ত্রী পর্যায়ের কাউন্সিলে আপটা গঠন করা হয়।
বেইজিং সফর শেষে দেশে ফিরে বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, বাণিজ্য সচিব ফারুখ আহমদ সিদ্দিকীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্যাংকক এগ্রিমেন্টের আওতায় দুই পর্যায়ে ট্রেড নেগোসিয়েশন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি সমাপ্ত হওয়ার পর আপটা গঠন করা হলো।
আপটার আওতায় চীন বাংলাদেশের ২৪৫টি পণ্যকে শতকরা পাঁচ থেকে ১০০ ভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এর মধ্যে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাওয়া পণ্য ৮৩টি।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ২৯১টি পণ্যকে শতকরা ২০ থেকে ১০০ ভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এর মধ্যে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাওয়া পণ্য ১৩৯টি।
মন্ত্রী জানান, এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাবে।
বাণিজ্য মন্ত্রী বলেন, আপটার সদস্য হওয়ার জন্যে হংকং, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, ফিজিসহ বেশ কিছু দেশ ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী আরও জানান, চীন বাংলাদেশকে রপ্তানি বাণিজ্যে প্রশিক্ষণ সহায়তা দিতে সম্মত হয়েছে। চীনের রেড বাটন গ্রুপ বাংলাদেশে পাট ক্ষেত্রে ৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করারও আগ্রহ দেখিয়েছে।
