কোটামুক্ত সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে আট দশমিক সাত শতাংশ
কোটামুক্ত সময়ে প্রথম আট মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে আট দশমিক সাত শতাংশ। গত বছরের তুলনায় এ বছর জানুয়ারি থেকে আগস্ট মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি প্রায় ২৩ কোটি ডলার হ্রাস পেয়েছে। এ সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি হয় ২৪০ কোটি ৬০ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটামুক্ত হওয়ার প্রভাবে ওভেন রপ্তানির একক মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে চলতি বছরে মোট ওভেন রপ্তানি মূল্য হ্রাস পেয়েছে। যদিও এ সময়ে রপ্তানি বাড়ার পরিমান ছিল এক শতাংশেরও কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে একমাত্র ফেব্রুয়ারি মাসে রপ্তানি বৃদ্ধি ঘটেছে।
গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, এ খাতে একক রপ্তানি মূল্যের পাশাপাশি প্রতি মাসে রপ্তানির পরিমানও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
তিনি বলেন, আশংকাজনক এই পরিস্থিতিতে ইইউ’র জিএসপি সুবিধায় সার্ক ও আসিয়ান কিউমুলেশন বাস্তবায়নে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
গত আট মাসে ইইউ’র বাজারে ওভেন গার্মেন্টস রপ্তানি হ্রাস পেলেও মার্কিন বাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর মার্কিন বাজারে ওভেন রপ্তানি প্রায় ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এ বছরের মধ্যে মার্কিন বাজারে মোট ওভেন রপ্তানি পরিমান ৫০ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, ওভেনের কয়েকটি ক্যাটেগরিতে বাংলাদেশ চীন ও ভিয়েতনাম সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। চীনের কারণে তৈরি পোষাকের গড় দাম হ্রাস পাচ্ছে। ফলে দাম হ্রাসে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
তিনি বলেন, এ বছরে ওভেন রপ্তানিতে দ্রুত মার্জিন কমে যাচ্ছে। পাশাপাশি পশ্চাৎসংযোগ শিল্প না থাকায় উচ্চমূল্যে অধিক কাঁচামাল আমদানি করতে হয়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ানের দ্বি-স্তর বিশিষ্ট জিএসপি সুবিধা না থাকায় অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় ওভেন রপ্তানিতে জিএসপি সুবিধা ভোগ করা সম্ভব হচ্ছে না। ফলে দেশের ওভেন খাত অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এবং রপ্তানি হ্রাস পাচ্ছে।
তিনি আরো বলেন, ওভেন খাতের ইইউ’র জিএসপি সুবিধা না পাওয়ায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লেও মার্কিন বাজারে রপ্তানি ক্রমাগত বাড়ছে।
এদিকে এ বছর ট্রাউজার রপ্তানির পরিমান মোট ওভেন রপ্তানির প্রায় ৫০ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, কোটামুক্ত সময়ে ওভেন খাতে একমাত্র ট্রাউজার রপ্তানি অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে শার্ট ও জ্যাকেট রপ্তানি স্বল্প হারে হ্রাস পেয়েছে। যদিও অন্যান্য ক্যাটেগরির ওভেন রপ্তানি আগের বছরের মত দ্রুত হারে হ্রাস পাচ্ছে।
বিশ্বে মোট বস্ত্র ব্যবসার ৭০ ভাগই হচ্ছে ওভেন গার্মেন্টস। এ খাতের সংকোচন সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব রাখবে।
