চড়া দামের কারণে ঈদে জুয়েলারি ব্যবসায় মন্দা
মুসলিম সম্পদায়ের বৃহত্তম উৎসব ঈদকে সামনে রেখে জুয়েলারি দোকানগুলোতে স্বর্ণের ব্যবসা এবার তেমন জমেনি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের উচ্চমূল্য এবং মানুষের সীমিত ক্রয় ক্ষমতা এবারের স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে।
বাংলাদেশ জুয়েলারি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এমএ ওয়াদুদ খান বিডিনিউজকে জানান, দেশে জুয়েলারির দোকানগুলোতে সারা বছরের বিক্রির ৩০ ভাগ হয়ে থাকে ঈদ উল ফিতরের আগে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন।
বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীদের মতে, স্বর্ণের উচ্চমূল্যের কারণে আগের বছরের তুলনায় এবার স্বর্ণের গহনা বিক্রির পরিমাণ কমে গেছে।
তারা জানান, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণ ১০ গ্রামের দাম ১০ হাজার ৬০০ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণ ১০ গ্রামের দাম ১০ হাজার ১২০ টাকা।
ভেনাস জুয়েলার্সের বিক্রেতা রাজুর মতে, স্বর্ণের উচ্চমূল্যের কারণে এবার রাজধানী ঢাকায় স্বর্ণ কম বিক্রি হতে দেখা যাচ্ছে। ঈদ উল ফিতরের আগে ঢাকায় প্রচুর স্বর্ণ বিক্রি হতে দেখা যায়। অন্যান্য বছরের তুলনায় এবার প্রায় ৪০ ভাগ কম স্বর্ণ বিক্রি হয়েছে বলে তার ধারণা।
জুয়েলারি ব্যবসায়ী গঙ্গাচরণ মালাকার জানান, ঢাকায় পাঁচটি থেকে সাতটি জুয়েলারি গড়ে প্রতিদিন প্রায় ৭ লাখ টাকা বিক্রি করে থাকে। মাঝারি ব্যবসায়ীরা প্রতিদিন তিন থেকে ৪ লাখ টাকা বিক্রি করে থাকে। কিন্তু স্বর্ণের উচ্চমূল্যের কারণে এবার স্বর্ণের ব্যবসায় নেমে এসেছে মন্দাভাব। মালাকারের মতে, স্বর্ণের উচ্চমূল্য না কমলে স্বর্ণ বিক্রির পরিমাণ আর বাড়বে না।
স্বর্ণের দাম বেড়ে যাওয়ার অপর কারণ হচ্ছে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ক্রমশ হ্রাস পাওয়া। এ নিয়ে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছে।
