ঈদের আনন্দ ফিকে হয়ে আসছে পটুয়াখালীর কৃষকদের
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, রবি শস্য নষ্ট, কৃষকদের কর্মহীনতা এবং বিলম্বিত আমন ফসলের কারণে পটুয়াখালীর অভাবী কৃষকদের ঈদের আনন্দ ফিকে হয়ে পড়েছে।
এ অঞ্চলের কৃষকরা এসব সমস্যার কারণে ধার-দেনা করে কোন রকমে দিনযাপন করছেন।
এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে দরিদ্ররা বঞ্চিত হচ্ছে।
সূত্র জানায়, জেলার প্রায় ১৪ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ কৃষক এনজিও এবং মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদ করে থাকে।
অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে টানা বৃষ্টিপাতের ফলে জেলার একশ’ ৭০ হেক্টর জমির এক কোটি আট লাখ টাকার রবি শস্য নষ্ট হয়ে গেছে।
কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকদের পুনরায় রবি শস্যের আবাদ করতে হচ্ছে।
এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কৃষকদের এনজিও অথবা স্থানীয় মহাজনদের সপ্তাহে দুইবার কিস্তির টাকা দিতে হচ্ছে।
এছাড়া ডাল, চিনি, পেঁয়াজ, চাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তারা কোন রকমে দিনযাপন করছে।
অন্যদিকে আমন ধান উঠতে এখনও দুই মাস বাকি। অবিরাম বর্ষণে এ মৌসুমে দুই লাখ ২৩ হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে প্রায় এক মাস ধরে হতদরিদ্র কৃষকরা কর্মহীনতায় দুঃসহ জীনযাপন করছে।
কৃষি অফিস সূত্র জানায়, অতি বৃষ্টির কারণে মৌসুমের শেষে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার ব্যাপক আক্রমণের আশংকা করা হচ্ছে।
