২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক কর কার্যালয়গুলোতে আয়কর দাতাদের উপচে পড়া ভিড়

কর অঞ্চল সার্কেল কার্যালয়গুলোতে গত দুইদিনে ব্যক্তি শ্রেণী আয়কর দাতাদের কর রিটার্ন দাখিল করার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। সোমবার ছিলো কর রিটার্ন দাখিলের শেষ দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আয়কর দাতাদের কর রিটার্ন দ্রুত দাখিলে সুবিধার জন্য ঢাকার আঞ্চলিক কর অফিসগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে শেষদিন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সব কর অঞ্চল সার্কেল কার্যালয়গুলো খোলা রাখা হয়।

চলিত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেনী আয়কর দাতাদের সংখ্যা নয় লাখ নির্ধারণ করা হলেও প্রকৃত লক্ষ্য অর্জিত হবে না বলে ধারনা করা হচ্ছে।

রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর পলিসি) জহির মোহাম্মদ বলেন, সব আঞ্চলিক কর অফিসগুলোতে গত দুইদিনে ব্যক্তি শ্রেনী আয়কর দাতাদের বেশ ভিড় লক্ষ্য করা যায়।

তিনি বলেন, আমরা আশা করছি, গত বছরের তুলনায় এ বছরে ব্যক্তি শ্রেনী আয়কর দাতাদের সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

কর অঞ্চল-৪ এর সহকারী কর কমিশনার তরিকুল আলম চৌধুরী তার অফিসে কর দাতাদের ভিড়ের কথা উল্লেখ করে একে ‘রিটার্ন মেলা’ বলে উল্লেখ করেন।

কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার বেলাল উদ্দিন বলেন, দেশে প্রথমবারের মত আয় সম্পদ এবং দৈনদিন ব্যয় বিবরনী সমন্বিত কর রিটার্ন দাখিল করার কারনে করদাতারা প্রাথমিক পর্যায়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

তিনি বলেন, সরকারি কর্মকতারা এবারেই প্রথম আয়যোগ্য কর প্রদানের রসিদসহ রিটার্ন দাখিল করছেন। যদিও সরকারি কর্মকর্তারা ৯০ দিনের মধ্যে কর প্রদানকৃত অর্থ ফেরত পাবেন।

নির্বাচন কমিশনের একজন কর্মকতা সোমবার দুপুরে কর অঞ্চল-৪ এ রিটার্ন জমা দেওয়ার সময় বলেন, আমাদের দেশে শেষ মুহূর্তে কাজ সম্পাদন করা স্বাভাবিক এক সংস্কৃতি।

কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। যদিও বিভিন্ন ব্যবসায়ি সংগঠন এবং বিভিন্ন সমিতির দাবির প্রেক্ষিতে রাজস্ব বোর্ড এক মাস সময় বাড়িয়ে দেয়।

গত অর্থবছরে দেশে সর্বমোট কর দাতার সংখ্যা ছিল সাড়ে ১৭ লাখ। এদের মধ্যে ব্যক্তি শ্রেনী আয়কর দাতা ছিল মাত্র সাত লাখ অর্থাৎ মোট করদাতার ৪৮ শতাংশ।