২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় চা প্রদর্শনী সম্পর্কে অবহিত নয় বাংলাদেশ

২০০৬ সালের ২৭ থেকে ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় বিশ্ব চা প্রদর্শনীর খবর জানে না বাংলাদেশ। চা বোর্ডের কর্মকর্তারা একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোশাররফ হোসেন বলেন, বিশ্ব চা প্রদর্শনীর খবর আমাদের জানা নেই।

সরকারি তথ্যানুযায়ী, বাংলাদেশ প্রতিবছর ১২ থেকে ১৪ মিলিয়ন কিলোগ্রাম চা রপ্তানি করে। এর মধ্যে ৯০ শতাংশই রপ্তানি করা হয় পাকিস্তানে।

স্থানীয় রপ্তানিকারকরা বলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় চা প্রদর্শনীতে বাংলাদেশ অংশ নিলে ক্রেতা ও মত গঠনকারীদের সঙ্গে স্থানীয় উৎপাদনকারীদের সরাসরি যোগাযোগ স্থাপিত হতো। এর ফলে বিশ্বে চায়ের বাণিজ্য আরও সম্প্রসারিত হতো বলে তারা মন্তব্য করেন।

বিভিন্ন দেশে উৎপাদিত চায়ের মান যাচাইয়ের জন্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও মধ্য প্রাচ্যের দেশগুলোর ক্রেতারা ভিড় জমাবেন এ প্রদর্শনীতে।

বাংলাদেশের বৃহৎ চা রপ্তানিকারক কোম্পানি এমএম ইস্পাহানি লিমিটেড’র মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণের জন্য আমরা এ প্রদর্শনীতে অংশ নিতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ চা রপ্তানির জন্যে বাজার খুঁজছে না। কেননা আমরা কেবল পাকিস্তানে চা রপ্তানি করে থাকি। তবে চায়ের স্বল্পমূল্য নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সীমিত বাজার সুবিধার কারণে এটি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রে চা প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা এখনও আমি জানি না। তবে এ ধরনের কোনও প্রদর্শনী যেকোনও দেশের চায়ের বাজার সম্প্রসারিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ডানকান ব্রাদার্স (বিডি) লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, চায়ের বিশ্ব বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমরা প্রদর্শনীতে অংশ নিতে চাই।

তিনি বলেন, চা বোর্ড চায়ের মানোন্নয়নে গুরুত্ব দেয়নি। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে চায়ের উচ্চমান বজায় রাখা খুবই জরুরী হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বাংলাদেশের চা উৎপাদনকারীরা জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য চা আমদানিকারক দেশের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় চা রপ্তানিকারকরা।

বিশ্ব চা প্রদর্শনীর অংশ হিসেবে ভারতীয় চা উৎপাদনকারীদের সংগঠন নীলগিরি প্লান্টার্স অ্যাসোসিয়েশন (এনপিএ) যুক্তরাষ্ট্রে নিলামে চা বিক্রির পরিকল্পনা করছে।

এনপিএ’র চেয়ারম্যান টিজিবি পিন্টু বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের চা প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে তাদের।